বোনের সঙ্গে অনৈতিক সম্পর্কের শর্ত দেয়ায় বন্ধুকে গলা কেটে হত্যা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৯:৩০ পিএম

ছবি: সংগৃহীত

বোনকে নিয়ে আপত্তিকর শর্ত দেয়ার জেরে বন্ধু আল-আমিনকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে শুভ নামের এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করে প্রধান আসামি ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জামালপুর জেলা ইউনিট।

বুধবার (২০ মে) বিকেলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পিবিআই জামালপুরের পুলিশ সুপার পঙ্কজ দত্ত। এর আগে মঙ্গলবার (১৯ মে) শেরপুর ও জামালপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পিবিআই জানায়, নিহত আল-আমিনের ডিভোর্সি বোনের সঙ্গে বন্ধু শুভর প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্ককে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও উত্তেজনা চলছিল। একপর্যায়ে আল-আমিন শুভকে তার বোনের সঙ্গে যোগাযোগ বন্ধ করতে চাপ দেন।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, কিছুদিন আগে মোটরসাইকেলের গ্যারেজ দেয়ার জন্য শুভ আল-আমিনের কাছে এক লাখ টাকা ধার চান। এ সময় আল-আমিন টাকা দেয়ার শর্ত হিসেবে শুভর বোনকে নিয়ে আপত্তিকর সম্পর্কের ইঙ্গিত দেন। এতে ক্ষুব্ধ হয়ে আল-আমিনকে হত্যার পরিকল্পনা করে শুভ।

পরিকল্পনা বাস্তবায়নে শুভ তার সহযোগী সম্রাটকে ১০ হাজার টাকার বিনিময়ে রাজি করায়। গত ১৩ মে দুপুরে তারা কৌশলে আল-আমিনকে মোটরসাইকেলে করে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের নতুন বাগলগড় গ্রামের একটি ঘাসক্ষেতে নিয়ে যায়।

সেখানে আল-আমিন মোবাইল ফোনে ব্যস্ত থাকাকালে শুভ পেছন থেকে তার গলায় রশি পেঁচিয়ে ধরে। এ সময় সম্রাট তাকে চেপে ধরলে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরে মরদেহ ফেলে পালিয়ে যায় তারা।

গত ১৮ মে বিকেলে ওই ঘাসক্ষেত থেকে মাথাবিচ্ছিন্ন ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরনের ট্রাউজার ও জুতা দেখে মরদেহ শনাক্ত করেন তার বাবা সাইফুল ইসলাম।

এ ঘটনায় শেরপুর সদর থানায় হত্যা মামলা দায়েরের পর তদন্তভার পায় পিবিআই।

পুলিশ সুপার পঙ্কজ দত্ত জানান, মঙ্গলবার বিকেলে প্রধান আসামি শুভকে শেরপুরের বাগলগড় গুচ্ছগ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে জামালপুর সদর উপজেলার পাথালিয়া এলাকা থেকে সহযোগী সম্রাটকেও আটক করা হয়।

তাদের দেয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও রশি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই।

পরে আদালতে হাজির করা হলে প্রধান আসামি শুভ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এছাড়া মোটরসাইকেলের মালিক শান্ত গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970