কুড়িগ্রাম-১ আসনে নির্বাচন করবেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৭:২১ পিএম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী–ভুরুঙ্গামারী) আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও গণ অধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী বিন ইয়ামিন মোল্লা।
সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৫ কুড়িগ্রাম-১ আসন থেকে নির্বাচন করছি ইনশাআল্লাহ। এই পিছিয়ে পড়া জনপদের মানুষের ভাগ্য উন্নয়ন করতে, বিগত দিনের স্বার্থান্বেষী নেতৃত্ব ও মঙ্গা-অপবাদ থেকে মুক্তি দিতে, এই অঞ্চলের মানুষের প্রকৃত দায় ও দরদের যে অঙ্গীকার করেছি তা বাস্তবায়নের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। রাজনীতিতে শেষ বলে কিছু নাই। রাজনীতির মাঠে তরুণ তাই আরও শিখবো, সমৃদ্ধ হবো। আপনাদের সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।”
বিন ইয়ামিন মোল্লা বলেন, “কুড়িগ্রাম একটি পিছিয়ে পড়া অঞ্চল। এই জেলার মানুষের উন্নয়ন ও অধিকার আদায়ে তরুণ নেতৃত্বের প্রয়োজন। যদি জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করব।”
তিনি আরও জানান, “আওয়ামী লীগ সরকারের সময় আমার ওপর একাধিকবার নির্যাতন চালানো হয়েছে, এমনকি বিনা কারণে কারাভোগও করতে হয়েছে। একপর্যায়ে সরকারপক্ষ আমাকে কুড়িগ্রাম-১ আসনের এমপি বানানোর প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। কারণ আমি ক্ষমতার নয়, মানুষের রাজনীতি করতে চাই। রাজনীতিতে শেষ বলে কিছু নেই—আমি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে শিখছি, বেড়ে উঠছি, এবং কুড়িগ্রামের মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”
কেন্দ্রীয় পর্যায়ে আসন ভাগাভাগির প্রসঙ্গে তিনি বলেন, “গণ অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সম্প্রতি আমার নিজ ইউনিয়নের নেওয়াশী কলেজ মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে আমাকে কুড়িগ্রাম-১ আসনে প্রার্থী করার আশ্বাস দিয়েছেন। তবে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে কেন্দ্র যদি আসন ভাগাভাগির সিদ্ধান্ত নেয়, সেটা দলের বিষয়। তারপরও আমি আশাবাদী যে দলের আনুষ্ঠানিক মনোনয়ন পাব এবং জনগণের পাশে থেকে রাজনীতি চালিয়ে যাব।”
উল্লেখ্য, বিন ইয়ামিন মোল্লার বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নে। তার পিতা রফিকুল ইসলাম মোল্লা স্থানীয়ভাবে একজন সমাজসেবক হিসেবে পরিচিত।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ প্রজন্মের মধ্যে বিন ইয়ামিন মোল্লার জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। তিনি দীর্ঘদিন ধরে ছাত্র অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন। আসন্ন নির্বাচনে তার প্রার্থিতা কুড়িগ্রাম-১ আসনের ভোটযুদ্ধে নতুন মাত্রা যোগ করতে পারে বলে ধারণা করছেন স্থানীয় রাজনৈতিক মহল।