এবার মানিকগঞ্জে স্কুলবাসে আগুন, ঘুমন্ত চালক দগ্ধ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১১:২২ এএম
মানিকগঞ্জে গভীর রাতে থেমে থাকা একটি স্কুলবাসে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন বাসের চালক তাবেজ খান (৪৫)।
ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শিবালয় উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায়।
তাবেজ খানকে প্রথমে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। তিনি সদর উপজেলার বাড়ইবিকুরা এলাকার আবুল হোসেনের ছেলে।
শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী জানান, ‘হলি চাইল্ড স্কুল ও কলেজ’-এর শিক্ষার্থী বহনকারী বাসটি পার্কিংয়ে ছিল। চালক তাবেজ খান বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই সেটি ছড়িয়ে পড়ে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। পুলিশ জানায়, এ ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।