জামালপুর মেলান্দহের প্রখ্যাত ছড়াকার আশরাফুল মান্নান আর নেই
মো. ইব্রাহিম খান (টিটু), জামালপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম
জামালপুরের মেলান্দহ উপজেলার ৮নং ফুলকোচা ইউনিয়নের প্রখ্যাত ছড়াকার ও ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের ১৯৭১ সালের ব্যাচের গর্বিত প্রাক্তন শিক্ষার্থী আশরাফুল মান্নান (চাঁন মিয়া) আর নেই। বৃহস্পতিবার রাত আটটায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে স্থানীয় সাহিত্য অঙ্গনসহ সর্বস্তরে নেমে এসেছে শোকের ছায়া।
বাংলা ছড়া ও সাহিত্যচর্চায় দীর্ঘদিন ধরে অবদান রেখে আসা আশরাফুল মান্নান ছিলেন পাঠকমহলে অত্যন্ত জনপ্রিয়। তাঁর ছড়া ও কবিতা নতুন প্রজন্মকে যেমন মুগ্ধ করেছে, তেমনি অনুপ্রাণিত করেছে সাহিত্যসাধনায়। মানবিকতা, সৃজনশীলতা ও সদাচরণের জন্য তিনি এলাকায় ছিলেন একজন শ্রদ্ধেয় ও প্রিয় ব্যক্তিত্ব।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী কবি, শিক্ষক, সংস্কৃতিকর্মী এবং পাঠকমহল গভীর শোক প্রকাশ করেছেন। স্থানীয় বর্ষীয়ান সাহিত্যিকরা বলেছেন, “তিনি ছিলেন জামালপুরের সাহিত্যজগতের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর প্রয়াণে আমরা এক মহান স্রষ্টা ও আলোকবর্তিকা হারালাম।”
একজন গুণী মানুষ হিসেবে আশরাফুল মান্নানের স্মৃতি, সাহিত্যকীর্তি ও মানবিকতা চিরদিন বেঁচে থাকবে মানুষের মনে।