মানিকগঞ্জে স্কুলবাসে আগুন, দগ্ধ সেই চালক মারা গেছেন

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০১:১৪ পিএম

মানিকগঞ্জে স্কুলবাসে আগুন, দগ্ধ সেই চালক মারা গেছেন। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে স্কুলবাসে আগুনে দগ্ধ চালক পারভেজ খান (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

নিহত পারভেজ খান মানিকগঞ্জ সদর উপজেলার বারাইভিকড়া এলাকার আবুল হোসেনের ছেলে। হালি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আজাদুর রহমান সংবাদটি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের একটি বাস ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করা ছিল। চালক পারভেজ খান তখন বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে শিবালয় থানার পুলিশ পারভেজকে উদ্ধার করে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। অবস্থার গুরুতরতা দেখে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করেন।

নিহতের ছেলে সুমন খান বলেন, “অগ্নিদগ্ধ হওয়ার পর বাবাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল। গত শনিবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”

মানিকগঞ্জের পুলিশ সুপার মোছাম্মদ ইয়াছমিন খাতুন বলেন, “এ ঘটনায় মামলা হয়েছে। হত্যা ধারা সংযুক্ত করা হচ্ছে। আসামিদের ধরতে আমাদের অভিযান চলমান রয়েছে। আশা করছি অতি দ্রুত দোষীদের ধরা সম্ভব হবে।”

স্কুলবাসে আগুনে দগ্ধ চালকের মৃত্যুর ঘটনায় হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজসহ নিহতের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970