ঢাকার ১ সেকেন্ড পরই নরসিংদীতে ৪.৩ মাত্রার ভূমিকম্প
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৮:৩১ পিএম
ঢাকার বাড্ডা এলাকায় ৩.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার ঠিক এক সেকেন্ড পরই নরসিংদীতে ৪.৩ মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির ঢাকা পোস্টকে জানান, “সন্ধ্যায় দুটি ভূমিকম্প ঘটেছে। প্রথম ভূমিকম্পটি ৩.৭ মাত্রার, যা ঢাকার বাড্ডা এলাকায় অনুভূত হয়েছে। ঠিক এক সেকেন্ড পর নরসিংদীতে ৪.৩ মাত্রার ভূমিকম্প হয়।”
তিনি জানান, নরসিংদীর ভূমিকম্পের উৎসস্থল সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। জানা গেছে শুধু এটি নরসিংদী থেকে এসেছে।
এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটেও নরসিংদীর পলাশ উপজেলায় ৩.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
গতকাল শুক্রবার (২১ নভেম্বর) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। এতে সারা দেশে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭ এবং উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।