ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের প্রতিবাদ সমাবেশে তৌহিদী জনতার হামলা, আহত ২
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১০:৩২ পিএম
সারাদেশে বাউল সাধকদের ওপর হামলার বিচার ও বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে দুইজন বাউল শিল্পী আহত হয়েছেন।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে শহরের কোর্ট চত্বরে সসম্প্রীতির ঐক্য নামের সংগঠনের ব্যানারে স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা এই সমাবেশের আয়োজন করেন। সমাবেশ চলাকালীন হঠাৎ ‘তৌহিদী জনতা’ পরিচয়ে একটি গ্রুপ বাউলবিরোধী স্লোগান দিতে দিতে সেখানে প্রবেশ করে এবং বাউলশিল্পীদের ওপর হামলা চালায়। এতে সদর উপজেলার পাচবিবি এলাকার সামছুল হক চিসতি এবং হঠাৎপাড়া এলাকার মোখলেছ পাগলা আহত হন।
ঘটনার বিষয়ে সদর থানার ওসি সারোয়ার হোসেন জানান, এখনো কাউকে আটক করা হয়নি। তিনি আরও বলেন, বাউল শিল্পীদের অভিযোগ লিখিত আকারে জমা দিতে বলা হয়েছে; অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ২৩ নভেম্বর মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠেও বাউলশিল্পী ও তৌহিদী জনতার মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ওই সময় তৌহিদী জনতার হামলায় বাউল শিল্পী আবুল সরকারের তিন অনুসারী আহত হন এবং পাল্টা হামলায় তৌহিদী জনতার একজন আহত হয়।
১ নভেম্বর মানিকগঞ্জের ঘিওরের জাবরা এলাকায় এক গানের আসরে আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে। ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুফতি আব্দুল্লাহ নামে একজন ঘিওর থানায় মামলা করেন। এরপর ২০ নভেম্বর মাদারীপুর থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং সেদিনই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।