ওসির কাছে আবেদন করে আওয়ামী লীগ ছাড়লেন ৭ ইউপি সদস্য
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:২৬ পিএম
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে লিখিত আবেদন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়লেন উপজেলার মহারাজপুর ইউনিয়নের ৭ জন ইউপি সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) তারা মুকসুদপুর থানায় আবেদন জমা দেন।
পদত্যাগকারী সদস্যরা হলেন- ১নং ওয়ার্ডের মো: কবির মোল্যা, ২নং ওয়ার্ডের মো: জাহিদুল ইসলাম, ৩নং ওয়ার্ডের ঈমান আলী, ৪নং ওয়ার্ডের মো: সাদিকুর রহমান সাদেক, ৬নং ওয়ার্ডের মো: মজিবর ফকির, সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডের রেহানা আক্তার লাকী এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের হেনা আক্তার।
আবেদনে তারা উল্লেখ করেন, “আমরা বাংলাদেশ আওয়ামী লীগ মুকসুদপুর শাখার কোনো কার্যক্রমে বর্তমানে জড়িত নই এবং ভবিষ্যতেও থাকব না।”
এই আবেদনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে এলাকায় আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ২নং ওয়ার্ডের সদস্য মো: জাহিদুল ইসলাম বলেন, “এভাবে সরাসরি ওসির কাছে আবেদন দেওয়া উচিত হয়নি। এটি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে করা উচিত ছিল। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি।”
১নং ওয়ার্ডের সদস্য মো: কবির মোল্যা বলেন, “আগে আওয়ামী লীগ একটি শুদ্ধ রাজনৈতিক দল হিসেবে আমাদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ দেয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দলটি নিষিদ্ধ হিসেবে বিবেচিত হওয়ায় পরিষদের দায়িত্বে থাকায় জনগণের সুবিধা ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য আমরা ওসির কাছে আবেদন করেছি।”
তবে মুকসুদপুর থানার ওসি মো: মোস্তফা কামাল জানান, তারা থানায় এসেছিলেন এবং এলাকার পরিস্থিতি সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন। কিন্তু তার কাছে কোনো লিখিত আবেদন জমা পড়েনি এবং আওয়ামী লীগ থেকে পদত্যাগের বিষয় তার জানা নেই।