দুই ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরের সেন্ট মার্টিনের ছেঁড়াদিয়া সংলগ্ন এলাকায় মাছ ধরতে গিয়ে দুই ট্রলারসহ ১২ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি (এএ)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

ধরে নিয়ে যাওয়া ট্রলারগুলোর একটি সেন্ট মার্টিনের নুর মোহাম্মদের মালিকানাধীন। তিনি জানান, বুধবার কবির মাঝির নেতৃত্বে ছয় জেলেকে নিয়ে তার ট্রলারটি ছেঁড়াদিয়া এলাকায় মাছ ধরতে যায়। এ সময় ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে পড়লে বৃহস্পতিবার ভোরে ছেঁড়াদিয়ার কাছাকাছি অবস্থান থেকে আরাকান আর্মির সদস্যরা ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যায় বলে তিনি খবর পান।

অন্য ট্রলারটি স্থানীয় ইলিয়াস মাঝির। দুই ট্রলার আটকের ঘটনায় এলাকায় জেলে ও ট্রলার মালিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মিয়ানমারভিত্তিক অনলাইন মাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানায়, সমুদ্রপথে টহল জোরদারের পর আরাকান আর্মি প্রায়ই বাংলাদেশি জেলেদের আটক করছে। চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত তারা ১৮৮ জেলে ও ৩০টি নৌকা আটক করে পরে ছেড়ে দেয়। সর্বশেষ বৃহস্পতিবার দুই ট্রলারসহ ১২ জেলে আটক হওয়ার ঘটনাও তাদের প্রতিবেদনে উঠে আসে।

সেন্ট মার্টিন ফিশিং ট্রলার সমবায় সমিতির সভাপতি আজিম উদ্দিন জানান, বিভিন্ন সময়ে দেড় শতাধিক জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে এবং তাদের অনেকেই এখনো ফেরেনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, আটক জেলেদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।

বিজিবি ও স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, গত ১০ মাসে অন্তত ৩৭৮ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে প্রায় ২০০ জনকে ফিরিয়ে আনা হলেও এখনো ১৭৮ জন তাদের হেফাজতে বন্দি রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970