দুই বাংলাদেশিকে হত্যার পর পদ্মায় ফেললো বিএসএফ!

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে দুটি বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যার পর তাদের লাশ পদ্মা নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে।

রোববার রাত প্রায় ২টার দিকে আন্তর্জাতিক পিলার ৭৬–৭৭ এর মাঝামাঝি এলাকায় ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। যদিও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি, তবে স্থানীয় জনপ্রতিনিধি ও একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাটি সত্য বলে জানিয়েছেন।

পাঁকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য রফিক উদ্দিন জানান, গরু আনতে সীমান্তে যাওয়া ৪–৫ জনের দলের দুই সদস্য ইব্রাহিম রিংকু (২৮) ও মমিন মিয়াকে (২৯) ভারতের নিমতিতা ৭১ বিএসএফ ক্যাম্পের সদস্যরা ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে এবং পরে পদ্মায় ফেলে দেয়। দলের অন্যরা পালিয়ে এসে বিষয়টি জানান।

নিহতরা হলেন- শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামের ইব্রাহিম রিংকু (২৮) এবং শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রামের বাসিন্দা মমিন মিয়া (২৯)।

স্থানীয়রা জানান, রাতের ঘটনায় গরু ব্যবসায়ী দলটি ছত্রভঙ্গ হয়ে গেলে দুজন ভারতীয় ভূখণ্ডে ধরা পড়েন। এরপর তাদের ওপর বেধড়ক নির্যাতন চালিয়ে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। নিখোঁজ দুজন এখনো বাড়ি ফিরেননি, তবে পরিবারের সদস্যরা প্রকাশ্যে কিছু বলতে রাজি নন। আইনি জটিলতার ভয়ে প্রতিবেশীরাও মুখ খুলতে চান না।

এ বিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, তারা বিভিন্ন সূত্রে ঘটনাটি জেনেছেন এবং ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970