ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন
মো. আতিকুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ এএম
উত্তরের জেলা কুড়িগ্রামে ঘন কুয়াশা ও শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সকাল থেকে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে যানবাহনগুলোকে। তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে-খাওয়া, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষেরা।
বৃহস্পতিবার সকাল ৬টায় কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র ঠান্ডা উপেক্ষা করে জীবিকার তাগিদে বের হয়েছেন রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।
যাত্রাপুর ইউনিয়নের দিনমজুর আজিজ মিয়া (৬০) বলেন, “আজ এমন কুয়াশা আর ঠান্ডা যে বাড়িতে থাকাই ভালো ছিল। কিন্তু কাজ না করলে খাবো কি? তাই বাধ্য হয়েই বের হয়েছি।”
কুড়িগ্রাম পৌর এলাকার রিকশাচালক আমিনুল ইসলাম (৫০) বলেন, “ঠান্ডায় মানুষজন বের হয় না, তাই ভাড়াও নেই। এখন পর্যন্ত মাত্র ১০ টাকা পেয়েছি। সংসার কীভাবে চলবে চিন্তায় আছি।”
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, “বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দিনে দিনে শীত আরও বাড়ছে। যদিও তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। হিমেল বাতাস ও ঘন কুয়াশায় মানুষের দুর্ভোগ বাড়ছে।”