প্রকাশ্যে নদী থেকে মাটি লুট করছেন বিএনপি নেতা, ভাঙন আতঙ্কে এলাকাবাসী
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম
শরীয়তপুরের গোসাইরহাটে মেঘনার শাখা জয়ন্তী নদীর পাড়ে প্রকাশ্যে মাটি কাটার মহোৎসব চলছে—এমন অভিযোগ স্থানীয়দের। প্রভাবশালী হিসেবে পরিচিত স্থানীয় বিএনপি নেতা মাহফুজুর রহমান উজ্জ্বল চৌধুরী ভেকু ও ডাম্পার ব্যবহার করে দীর্ঘদিন ধরে নদীর পাড়ের মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছেন বলে জানান এলাকাবাসী।
এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি ভয়াবহ ভাঙনের শঙ্কা তৈরি হয়েছে। ইতোমধ্যে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দিয়েছে এবং হুমকিতে পড়েছে কয়েক একর কৃষিজমি ও শতাধিক বাড়িঘর।
অভিযুক্ত মাহফুজুর রহমান উজ্জ্বল চৌধুরী গোসাইরহাট উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং চেউয়াতলী এলাকার একটি ইটভাটার মালিক। স্থানীয়দের অভিযোগ- রাজনৈতিক প্রভাব ও অসাধু কর্মকর্তাদের যোগসাজশে তিনি দীর্ঘদিন ধরেই এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, নদীর পাড়ে বড় আকারে খোঁড়াখুঁড়ি চলছে, ভেকু সরাসরি নদীর বুক থেকে মাটি তুলে ডাম্পারে ভরছে, আর সেখান থেকে মাটি যাচ্ছে কাছের তিনটি ইটভাটায়। লিখিত অভিযোগ দেওয়া হলেও প্রশাসনের কার্যকর তৎপরতা চোখে পড়েনি বলে দাবি ভুক্তভোগীদের। বর্ষায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা।
একজন স্থানীয় কৃষক আমির হোসেন বলেন, “নদীর পাড় নষ্ট করে ফেলেছে। আমার জমিও ভাঙনের মুখে। কিছু বলতে গেলেই উল্টো হুমকি দেয়।”
আরেকজন স্থানীয় শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, কিন্তু ভয় পেয়ে কেউ কিছু বলতে পারে না। এভাবে মাটি কাটতে থাকলে আসন্ন বর্ষায় বহু ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাবে।”
কৃষক রহিম সরদার বলেন, “২০ বছর ধরে এই জমিতে ফসল করি। এখন সব ধ্বংস হয়ে যাচ্ছে। অর্ধেক জমি নদীতে গেছে। এভাবে চললে ঘরটাও থাকবে না।”
অভিযুক্ত যুবদল নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনে কোনো মন্তব্য করতে রাজি হননি।
গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রৌশন আহমেদ বলেন, “নদী থেকে মাটি বা বালু তোলা সম্পূর্ণ অবৈধ। অভিযোগ পেয়েছি—দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”