গ্যাস্ট্রিকের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে দুই বিয়াইয়ের মৃত্যু
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১০ পিএম
জামালপুরের দেওয়ানগঞ্জে রোববার রাতে গ্যাস্ট্রিকের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে দুই বিয়াইর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন পাররাম রামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের কান্টু মিয়া (৪৫) এবং তার বিয়াই কমল মিয়া (৫০)।
দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনোয়ার হোসেন জানান, রোববার বিকেলে কান্টু মিয়ার বাড়িতে শীতকালীন দাওয়াতে যান কমল মিয়া। রাতে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার সময় ভুলবশত ঘরে থাকা ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে দুজনই অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাদের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কান্টু মিয়া মারা যান। পরে সোমবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কমল মিয়ার মৃত্যু হয়।
ওসি আনোয়ার হোসেন বলেন, “ইঁদুর মারার ট্যাবলেট খাওয়ায় দুইজনের মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।”