হাসনাতকে মাথায় নয়, ঘাড়ে গুলি করার পরামর্শ দিলেন ভারতীয় সাবেক কর্ণেল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম
ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির ওপর হামলার পর এবার আলোচনায় উঠে এসেছে আরেকটি বিতর্কিত ইস্যু। ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্ণেল (অব.) অজয় কে রায়নার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।
সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে কর্ণেল (অব.) অজয় কে রায়না দাবি করেন, হাদির পরবর্তী ‘টার্গেট’ হতে পারেন হাসনাত আব্দুল্লাহ। শুধু তাই নয়, তিনি গুলি কোথায় করা উচিত এমন মন্তব্যও করেন। তার ভাষায়, “মাথায় নয়, ঘাড়ে গুলি করতে হবে। প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে।” এই বক্তব্যকে অনেকেই সরাসরি হত্যার হুমকি হিসেবে দেখছেন।
একজন সাবেক সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষকের কাছ থেকে এমন মন্তব্য আসায় বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রকাশ্যে এ ধরনের বক্তব্য দেওয়ার দায় ভারতীয় কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা এড়াতে পারেন কি না- এমন প্রশ্নও উঠেছে।
পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। বাংলাদেশের বেশ কয়েকজন প্রভাবশালী মিডিয়া বিশ্লেষক ও রাজনৈতিক পর্যবেক্ষক মন্তব্য করেছেন, এটি শুধু হুমকিই নয়, বরং বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে সরাসরি সহিংসতার ইঙ্গিত। কেউ কেউ ইনকিলাব মঞ্চের নেতা হাদির ওপর হামলার সঙ্গেও এই বক্তব্যের সম্ভাব্য যোগসূত্রের কথা উল্লেখ করেছেন।
তবে এ বিষয়ে কর্ণেল (অব.) অজয় কে রায়নার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কাছ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বরং তিনি অন্য একটি গণমাধ্যমকে বিষয়টি তাচ্ছিল্যের সঙ্গে উল্লেখ করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়ে অতিরিক্ত সংবেদনশীল হওয়ার প্রয়োজন নেই। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, ভারতের নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের বাড়াবাড়ি করা উচিত নয়, এতে উত্তেজনা কমবে না, বরং আরও বাড়তে পারে।
এই ঘটনায় দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।