বিশ্বকাপ অভিষেকেই ইতিহাস, নকআউটে কেপ ভার্দে

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:০৫ এএম

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই ইতিহাস গড়েছে মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। স্পেন ও উরুগুয়ের মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে রুখে দিয়ে গ্রুপ পর্বে দুর্দান্ত লড়াই উপহার দেওয়ার পর সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে নিশ্চিত করেছে শেষ ৩২-এর টিকিট। নকআউটে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে।

‘এইচ’ গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মাঠে নামার আগে কেপ ভার্দের সমীকরণ ছিল সহজ—নিজেদের ম্যাচে অন্তত ড্র করতে হবে, আর অন্য ম্যাচে উরুগুয়েকে হারতে হবে। শেষ পর্যন্ত দুই শর্তই পূরণ হওয়ায় ইতিহাস গড়ে নকআউটে জায়গা করে নেয় তারা।

একই সময়ে গুয়াদালাহারায় অনুষ্ঠিত অন্য ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় স্পেন। আর সৌদি আরবের বিপক্ষে ০-০ গোলে ড্র করে তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করে কেপ ভার্দে। বিপরীতে টানা দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় উরুগুয়েকে।

ম্যাচের শুরু থেকেই জয় ছাড়া কোনো বিকল্প ছিল না সৌদি আরবের সামনে। তবে ড্রই যথেষ্ট হওয়ায় কেপ ভার্দে পুরো ম্যাচজুড়ে ছিল বেশ সংগঠিত। চতুর্থ মিনিটেই কেপ ভার্দের পাউলোকে বিপজ্জনক ট্যাকল করে হলুদ কার্ড দেখেন সৌদি ডিফেন্ডার সৌদ আবদুলহামিদ।

প্রথমদিকে বলের নিয়ন্ত্রণ কেপ ভার্দের দখলে থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আক্রমণে ফেরে সৌদি আরব। ১৮ মিনিটে সালেম আল-দাওসারির শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন ওয়াগনার পিনা। এরপর ২২ মিনিটে কেপ ভার্দের উইলি সেমেদোর জোরালো শট দারুণ দক্ষতায় রুখে দেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস।

৩২ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন সৌদি ডিফেন্ডার হাসান আল-তামবাকতি। স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হলে বদলি হিসেবে নামেন আলি লাজামি। প্রথমার্ধের শেষ দিকে কেপ ভার্দে আক্রমণের গতি বাড়ালেও গোলের দেখা পায়নি কোনো দল।

৪৩ মিনিটে গ্যালারিতে পৌঁছে যায় অন্য ম্যাচের খবর। ফার্নান্দো মুসলেরার ভুলে স্পেন ১-০ ব্যবধানে এগিয়ে গেছে—এই সংবাদে কেপ ভার্দের সমর্থকদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে, কারণ তখনকার সমীকরণে তারাই ভার্চুয়ালি নকআউটে পৌঁছে যায়।

বিরতির পর সৌদি আরব গোলের জন্য মরিয়া হয়ে খেললেও কেপ ভার্দের দৃঢ় রক্ষণ ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় ম্যাচ শেষ হলে নকআউটে খেলার স্বপ্ন পূরণ হয় আফ্রিকার দলটির।

বিশ্বকাপ ইতিহাসের অন্যতম ক্ষুদ্র দেশ হিসেবে অংশ নিয়েও অপরাজিত থেকে শেষ ৩২-এ ওঠার কীর্তি গড়েছে কেপ ভার্দে। স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলকে রুখে দেওয়া এই দলকে তাই নকআউটে আর্জেন্টিনাকেও সমীহ করেই খেলতে হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970