‘ইনস্টাগ্রাম শুধু মেয়েদের জন্য’: ইলন মাস্ক
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৮:৪৭ পিএম
প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক আবারও সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন। কয়েকদিন আগে তিনি বলেছিলেন, তিনি হোয়াটসঅ্যাপকে বিশ্বাস করেন না। এবার তিনি মন্তব্য করেছেন, ‘ইনস্টাগ্রাম শুধু মেয়েদের জন্য।’
সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের অনলাইন আচরণ ও বিভিন্ন ট্রেন্ড নিয়ে করা একটি ভাইরাল থ্রেডের জবাবে এক্সে এ মন্তব্য করেন ইলন মাস্ক। ওই আলোচনায় বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের আচরণ ও অভ্যাস কীভাবে তাদের জীবনের বিভিন্ন পর্যায়কে তুলে ধরে, তা নিয়ে কথা বলা হয়।
থ্রেডটিতে ইনস্টাগ্রামের জনপ্রিয় কিছু প্রবণতার কথাও উল্লেখ করা হয়। এর মধ্যে ছিল আবেদনময়ী ছবি পোস্ট করা, নিয়মিত স্টোরি শেয়ার এবং ঘরে তৈরি খাবারের ছবি আপলোডের বিষয়গুলো।
এর জবাবে ইলন মাস্ক আরও বলেন, যখন প্রাপ্তবয়স্ক পুরুষেরা তাকে তাদের ইনস্টাগ্রাম প্রোফাইল পাঠান, তখন তার মনে হয় তারা হয়তো লিঙ্গ পরিবর্তনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন অথবা অন্য কিছু ঘটছে।
তিনি লেখেন, “মাঝেমধ্যে প্রাপ্তবয়স্ক পুরুষেরা আমাকে তাদের ইনস্টাগ্রাম প্রোফাইল পাঠান, তখন আমি ভাবি তারা কি লিঙ্গ পরিবর্তন করছেন, নাকি অন্য কিছু।”
মাস্কের এ মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অনেক ব্যবহারকারী তার বক্তব্যকে লিঙ্গবৈষম্যমূলক ও আপত্তিকর বলে মন্তব্য করেন।
এক ব্যবহারকারী লিখেছেন, “৫৪ বছর বয়সী একজন পুরুষের ‘এলএমএও’ বলা নিজেই ইনস্টাগ্রামসুলভ আচরণ।”
আরেকজন মন্তব্য করেন, “যারা আপনাকে প্রোফাইল পাঠাচ্ছেন তারা বাস্তবে নারীও হতে পারেন। ইনস্টাগ্রামে ভুয়া পরিচয়ের অভাব নেই।”
অন্য এক নেটিজেন ব্যঙ্গ করে লেখেন, “পুরুষদের জন্য আলাদা ‘ব্রোস্টাগ্রাম’ অ্যাপ থাকা উচিত, যেখানে আয়নার সামনে দাঁড়িয়ে অসংখ্য সেলফি তোলা আর পাউট করার ব্যাখ্যা মিলবে।”
আরেকটি মন্তব্যে বলা হয়, “আপনি যদি ইনস্টাগ্রামের মালিক হতেন, তাহলে সেটি নিশ্চয়ই ‘সুপার আলফা পুরুষদের’ অ্যাপ হতো।”
উল্লেখ্য, ইলন মাস্ক প্রায়ই মেটা মালিকানাধীন প্ল্যাটফর্মগুলোর সমালোচনা করেন। একই সঙ্গে তিনি এক্স-কে বিকল্প ও বেশি উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরেন।
এদিকে মাস্কের সন্তান ভিভিয়ান জেনা উইলসন অতীতে নিজের লিঙ্গ পরিবর্তনের বিষয়টি প্রকাশ্যে জানান এবং আইনগতভাবে নাম ও পরিচয় পরিবর্তন করেন। পরে তিনি ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণাও দেন।
এ প্রসঙ্গে ইলন মাস্ক অতীতে তথাকথিত ‘ওক কালচার’ বা অতিরিক্ত সচেতনতার সংস্কৃতিকে দায়ী করেছিলেন। তিনি বলেছিলেন, “আমি ওক মাইন্ড ভাইরাস ধ্বংস করার শপথ নিয়েছিলাম এবং এ ক্ষেত্রে কিছুটা অগ্রগতিও হয়েছে।”