ওপেনএআই-এর বিরুদ্ধে মামলায় হারলেন ইলন মাস্ক

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:০৯ পিএম

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই ও এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান–এর বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। মামলাটি করেছিলেন ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতাদের একজন ইলন মাস্ক।

মামলায় মাস্ক অভিযোগ করেন, মানবকল্যাণমূলক ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলেও ওপেনএআই পরে সেই লক্ষ্য থেকে সরে গিয়ে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার পথে হাঁটছে। তার দাবি ছিল, প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা গোপনে বিপুল অর্থ আয় করেছেন।

তবে আদালত বলেছে, নির্ধারিত আইনি সময়সীমার অনেক পরে মামলা দায়ের করায় মাস্কের অভিযোগ গ্রহণযোগ্য নয়।

২০১৫ সালে ওপেনএআই প্রতিষ্ঠার সময় ইলন মাস্ক প্রতিষ্ঠানটির অন্যতম সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। শুরুর দিকে তিনি প্রায় ৩ কোটি ৮০ লাখ ডলার বিনিয়োগ করেছিলেন। পরবর্তীতে এই প্রতিষ্ঠানই জনপ্রিয় এআই চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ তৈরি করে বিশ্বজুড়ে আলোচনায় আসে।

মাস্কের অভিযোগ ছিল, চ্যাটজিপিটির সাফল্যের পর স্যাম অল্টম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অন্যায্যভাবে ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন। তিনি দাবি করেন, জনকল্যাণমূলক ট্রাস্টের অর্থ অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এ ঘটনায় স্যাম অল্টম্যানকে বোর্ড থেকে অপসারণ ও ক্ষতিপূরণ দাবি করেছিলেন তিনি।

ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড আদালতে টানা তিন সপ্তাহ শুনানি শেষে নয় সদস্যের জুরি বোর্ড সিদ্ধান্ত দেয়, মামলা দায়েরের সময়সীমা পেরিয়ে যাওয়ায় এটি গ্রহণযোগ্য নয়। পরে বিচারক ইভন গঞ্জালেজ রজার্স সোমবার মাস্কের সব দাবি খারিজ করে চূড়ান্ত রায় দেন।

অন্যদিকে আদালতে ওপেনএআই ও স্যাম অল্টম্যানের পক্ষ থেকে বলা হয়, প্রতিষ্ঠানটিকে চিরকাল অলাভজনক রাখার কোনো লিখিত অঙ্গীকার কখনো দেওয়া হয়নি। তাদের দাবি, ২০২৩ সালে নিজের এআই প্রতিষ্ঠান এক্সএআই চালুর পর প্রতিযোগিতামূলক সুবিধা পেতেই মাস্ক এই মামলা করেছিলেন।

আলোচিত এই মামলায় প্রযুক্তি বিশ্বের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সাক্ষ্য দেন। তাদের মধ্যে ছিলেন সত্য নাদেলা। শুনানিতে আরও জানা যায়, বর্তমানে ওপেনএআইয়ের বাজারমূল্য প্রায় ৮৫২ বিলিয়ন ডলার। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বিপুল আর্থিক সম্ভাবনাই দুই সাবেক মিত্রের দ্বন্দ্বকে তীব্র করেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970