আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনের বেলায় নেমে আসবে রাতের অন্ধকার!

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৮:০৬ পিএম

ছবি: সংগৃহীত

দুই বছরেরও বেশি সময় পর আগামী ১২ আগস্ট আকাশে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণের বিরল দৃশ্য। এ সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান নেওয়ায় সূর্যের আলো পুরোপুরি আড়াল হবে। ফলে বিশ্বের কয়েকটি অঞ্চলে দিনের বেলাতেই সাময়িকভাবে নেমে আসবে অন্ধকার।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, এবারের পূর্ণ সূর্যগ্রহণ সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর স্পেন এবং উত্তর-পূর্ব পর্তুগালের কিছু অংশ থেকে। এসব এলাকায় কয়েক সেকেন্ড থেকে দুই মিনিটেরও বেশি সময় সূর্য সম্পূর্ণরূপে চাঁদের আড়ালে থাকবে। এ তথ্য জানিয়েছে সিএনএন।

এদিকে ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা আংশিক সূর্যগ্রহণ উপভোগ করতে পারবেন। সেসব এলাকায় সূর্যের একটি অংশ চাঁদের আড়ালে চলে যাবে, তবে পুরোপুরি ঢাকা পড়বে না।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইউরোপের মূল ভূখণ্ড থেকে সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০০৬ সালে। আর স্পেনের মূল ভূখণ্ডে এমন দৃশ্য শেষবার দেখা যায় ১৯০৫ সালে। তাই দেশটির জন্য এবারের সূর্যগ্রহণকে একটি ঐতিহাসিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

জানা গেছে, গ্রহণের পূর্ণ ছায়াপথের দৈর্ঘ্য হবে প্রায় ৮ হাজার ৩০০ কিলোমিটার। এটি আর্কটিক অঞ্চলের উপকূল থেকে শুরু হয়ে উত্তর মেরুর কাছ দিয়ে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, পর্তুগাল এবং স্পেনের উত্তরাঞ্চল অতিক্রম করবে।

গ্রিনল্যান্ডে দর্শনার্থীরা দুই মিনিটের কিছু বেশি সময় পূর্ণ সূর্যগ্রহণ উপভোগ করতে পারবেন। তবে স্পেনের উত্তরাঞ্চলে এই সময় হবে প্রায় ২০ সেকেন্ড। আবহাওয়া অনুকূলে থাকলে গ্রহণটি সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে।

নাসার তথ্য অনুযায়ী, পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২ আগস্ট। সেটি দক্ষিণ স্পেন, উত্তর আফ্রিকা, সৌদি আরব এবং ইয়েমেন থেকে দেখা যাবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে ২০৩৩ সালে, তবে সেটি শুধু আলাস্কা থেকে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। দেশটির মূল ভূখণ্ডে আবার পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে ২০৪৪ সালে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970