হোয়াটসঅ্যাপকে চ্যালেঞ্জ জানিয়ে ইলন মাস্কের নতুন মেসেজিং অ্যাপ ‘এক্সচ্যাট’ চালু
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পিএম
হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী হিসেবে নতুন মেসেজিং অ্যাপ চালু করেছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর অধীনে তৈরি এই অ্যাপের নাম এক্সচ্যাট।
নতুন এই অ্যাপটি মূলত আইফোন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এতে ফোন নম্বর ছাড়াই এক্স অ্যাকাউন্ট ব্যবহার করে মেসেজিং, ভয়েস ও ভিডিও কল এবং ফাইল আদান-প্রদান করা যাবে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এক্সচ্যাটে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা রয়েছে। পাশাপাশি ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, মেসেজ এডিটিং এবং স্ক্রিনশট ব্লক করার মতো একাধিক নিরাপত্তা ও গোপনীয়তা ফিচার যুক্ত করা হয়েছে। বিজ্ঞাপন ছাড়াই অ্যাপটি ব্যবহার করা যাবে বলেও জানানো হয়েছে।
গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে অ্যাপটি চালু করা হয়। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই তাদের এক্স যোগাযোগকারীদের সঙ্গে সরাসরি চ্যাট করতে পারবেন।
এর আগে সীমিত পরিসরে কিছু ব্যবহারকারীর মধ্যে পরীক্ষামূলকভাবে এক্সচ্যাট চালু করা হয়েছিল। তাদের মতামতের ভিত্তিতে অ্যাপটি আরও উন্নত করে এখন সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এক্সচ্যাটের এই সূচনা ইলন মাস্কের বৃহত্তর পরিকল্পনায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আগে তিনি এক্স প্ল্যাটফর্মকে একটি ‘সবকিছু একসাথে পাওয়া যায় এমন অ্যাপ’ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন, যেখানে মেসেজিং, পেমেন্ট, কেনাকাটা, কনটেন্ট ক্রিয়েশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় থাকবে।
তবে এখন প্রতিষ্ঠানটি পরিষেবাগুলোকে আলাদা আলাদা অ্যাপে ভাগ করার দিকে যাচ্ছে। সে অনুযায়ী এক্সচ্যাট মেসেজিং হাব হিসেবে কাজ করবে। অন্যদিকে পেমেন্ট সেবা আলাদাভাবে পরীক্ষা করা হচ্ছে, যা এখনো সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু হয়নি।