হাসনাতের হুমকিতে উত্তর-পূর্বাঞ্চল নিয়ে ভারত চুপ থাকবে না
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১০ পিএম
বাংলাদেশের একটি রাজনৈতিক দলের নেতার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, বাংলাদেশের কিছু মানুষের পক্ষ থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চল নিয়ে যেসব মন্তব্য করা হচ্ছে, তা দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক। এ ধরনের বক্তব্যে ভারত চুপ করে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
মঙ্গলবার আসামের লুমডিংয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, গত প্রায় এক বছর ধরে বাংলাদেশ থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে আলাদা করে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার মতো বক্তব্য শোনা যাচ্ছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়।
এই মন্তব্যের সূত্রপাত হয় বাংলাদেশের সদ্য গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর সিনিয়র নেতা হাসনাত আবদুল্লাহর বক্তব্য থেকে। সোমবার তিনি দাবি করেন, ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে ঢাকা এর পাল্টা প্রতিশোধ নিতে পারে।
হাসনাত আবদুল্লাহ প্রতিশোধের অংশ হিসেবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ‘বিচ্ছিন্ন’ করার উদ্যোগ নেওয়ার কথা বলেন এবং ওই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে সমর্থনের আহ্বান জানান। পাশাপাশি তিনি উল্লেখ করেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চল ভৌগোলিকভাবে দুর্বল অবস্থানে রয়েছে, কারণ এটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে শুধু শিলিগুড়ি করিডোর বা ‘চিকেনস নেক’-এর মাধ্যমে যুক্ত।
এ বিষয়ে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “ভারত একটি বিশাল দেশ, একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশ কীভাবে এমন চিন্তাভাবনা করতে পারে?”
তিনি আরও বলেন, এ ধরনের মানসিকতা সম্পূর্ণ ভুল এবং কিছু মানুষের এই দৃষ্টিভঙ্গি সংশোধন করা প্রয়োজন। এমন উসকানিমূলক বক্তব্য বরদাশত করা হবে না বলেও স্পষ্ট করে দেন আসামের মুখ্যমন্ত্রী।
তার এই বক্তব্য থেকে স্পষ্ট, ভারতের পক্ষ থেকে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্যে কড়া অবস্থান নেওয়া হতে পারে।