মাদুরো এখন কোথায়, কী পরিণতি হতে পারে তার? যা জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের পর দেশটির রাজধানী কারাকাস থেকে একটি মার্কিন হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়। পরে তাকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস আইও জিমায় তোলা হয়। যুদ্ধজাহাজে তোলা মাদুরোর একটি ছবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করেন।

এরপর কিউবা হয়ে মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেওয়া হয়। নিউইয়র্কে পৌঁছানোর পর তাকে যুক্তরাষ্ট্রের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা ডিইএ-এর দফতরে নেওয়া হয়। একটি ভিডিওতে দেখা যায়, ডিইএ কর্মকর্তাদের পাহারায় দফতরের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন মাদুরো।

পরবর্তীতে তাকে ম্যানহাটনের ডিইএ অফিস থেকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়। মাদক ও অস্ত্রসংক্রান্ত একাধিক অভিযোগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে, সোমবারই তাকে আদালতে তোলা হতে পারে।

যুক্তরাষ্ট্র মাদুরোকে দীর্ঘদিন ধরেই ‘মাদক সম্রাট’ হিসেবে আখ্যা দিয়ে আসলেও এসব অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করেছেন।

এদিকে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ‘জোরপূর্বক আটক’-এর পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বিষয়টি নিয়ে বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজকে সাক্ষাৎকার দিয়েছেন।

তিনি বলেন, “আমি আমেরিকার স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিই। আমরা এমন নারী-পুরুষদের দেখেছি, যারা দেশের স্বার্থে নিজেদের জীবন উৎসর্গ করেছেন।”

ভেনেজুয়েলা ইস্যুতে পরবর্তী পদক্ষেপ কী হবে এবং কংগ্রেসের অনুমোদন লাগবে কি না—এমন প্রশ্নের জবাবে হেগসেথ বলেন, এটি ছিল একটি আইন প্রয়োগকারী সংস্থার অভিযান। তবে কংগ্রেসকে বিষয়টি অবহিত রাখা হবে।

তিনি আরও বলেন, “এরপর কী হবে, তা নির্ধারণ করবেন ভেনেজুয়েলার জনগণই। তবে শেষ পর্যন্ত এতে আমেরিকার নিরাপত্তা ও সমৃদ্ধি বাড়বে। আমরা বিশ্বাস করি, ভেনেজুয়েলার জনগণও উপকৃত হতে পারে।”

ট্রাম্পের সিদ্ধান্তের প্রশংসা করে পিট হেগসেথ বলেন, “এই বিপজ্জনক বিশ্বে শক্তি ছাড়া শান্তি আসে না।” তিনি আরও জানান, অভিযানের পেছনে যুক্তরাষ্ট্রের জন্য তেলসমৃদ্ধ ভেনেজুয়েলাও একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় ছিল।
সূত্র: বিবিসি

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970