ইরানে ঢুকতে যুদ্ধজাহাজ নিয়ে রওনা হয়েছে মার্কিন সেনারা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

ইরান–ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের ১৫তম দিনে ইরানে বড় ধরনের স্থল অভিযানের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে জাপানের ওকিনাওয়া ঘাঁটি থেকে মার্কিন মেরিন সেনাদের একটি শক্তিশালী দল যুদ্ধজাহাজে করে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে।

জাপানে অবস্থানরত ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা বর্তমানে উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’তে করে সংঘাতপূর্ণ অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।

সামরিক বিশ্লেষকদের মতে, ইউএসএস ত্রিপোলি একটি বিশেষ ধরনের উভচর আক্রমণ জাহাজ, যা সমুদ্রপথ থেকে সরাসরি স্থলভাগে সেনা ও সামরিক সরঞ্জাম নামাতে সক্ষম। ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে এবারই প্রথম সরাসরি স্থলসেনা মোতায়েনের ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন।

ধারণা করা হচ্ছে, প্রয়োজন হলে ইরানের উপকূলীয় কোনো এলাকা দখল নেওয়া অথবা কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে দ্রুত অভিযান পরিচালনার লক্ষ্যেই এই মেরিন বাহিনীকে পাঠানো হয়েছে। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি জোরদার করছে, যা সংঘাত দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনার দিকেই ইঙ্গিত করছে।

অন্যদিকে যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক তৎপরতাতেও কিছুটা নড়াচড়া দেখা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যুদ্ধ শেষ করার বিষয়ে অস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। যদিও এর আগে ইরান স্পষ্ট করে জানিয়েছিল, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসতে আগ্রহী নয়।

তবে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় গত বৃহস্পতিবার ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শান্তির লক্ষ্যে তিন দফা দাবি তুলে ধরেছেন। এসব দাবির মধ্যে রয়েছে— ইরানের সার্বভৌম অধিকারের পূর্ণ স্বীকৃতি, ভবিষ্যতে দেশটির ওপর আর কোনো হামলা না হওয়ার আন্তর্জাতিক নিশ্চয়তা এবং একটি টেকসই শান্তি চুক্তি।

তবে এই দাবিগুলোর বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালিয়ে দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪০ জন শীর্ষ নেতাকে হত্যা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে ইরান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970