নেপালে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৫:৫৩ পিএম
নেপালের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার সকালে তাকে নিজ বাসভবন থেকে আটক করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসে জেন-জি নেতৃত্বাধীন বিক্ষোভে অন্তত ৭৭ জন নিহত হওয়ার ঘটনায় তার কোনো ভূমিকা ছিল কি না, তা তদন্তের অংশ হিসেবেই এই গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের মুখপাত্র ওম অধিকারী। একই ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও আটক করা হয়েছে।
এই আন্দোলনের সূচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে সাময়িক নিষেধাজ্ঞার প্রতিবাদ থেকে। পরবর্তীতে তা দেশজুড়ে দীর্ঘদিনের অর্থনৈতিক অসন্তোষে রূপ নেয়। বিক্ষোভের প্রথম দিনেই আইনশৃঙ্খলা বাহিনীর দমন-পীড়নে অন্তত ১৯ জন তরুণ নিহত হন।
কেপি শর্মা ওলির দল নেপাল কমিউনিস্ট পার্টি (ইউএমএল)-এর জ্যেষ্ঠ নেতা মিন বাহাদুর শাহি জানিয়েছেন, সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে বাসা থেকে নিয়ে যায়।
এদিকে, চলতি বছর ৫ মার্চ অনুষ্ঠিত সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন র্যাপার থেকে রাজনীতিবিদ হওয়া বালেন শাহ। গত শুক্রবার তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার একদিন পরই সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সরকার-সমর্থিত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গুলি চালানোর সরাসরি নির্দেশের প্রমাণ না মিললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ উদ্যোগ না নেওয়ার কারণে প্রাণহানির ঘটনা ঘটেছে, যার মধ্যে অপ্রাপ্তবয়স্করাও রয়েছে।