ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক ব্যর্থ, সমঝোতা হলো না- কিন্তু কেন?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পিএম
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার উচ্চপর্যায়ের বৈঠকেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্র। একের পর এক প্রস্তাব ও পাল্টা প্রস্তাব উত্থাপিত হলেও শেষ পর্যন্ত ব্যর্থতায় শেষ হয় আলোচনার সব প্রচেষ্টা।
পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া এই বৈঠক ঘিরে শুরুতে আশাবাদ দেখা গেলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা ম্লান হয়ে যায়। আলোচনার প্রধান বাধা হয়ে দাঁড়ায় দুই পক্ষের অনড় অবস্থান। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র এমন কিছু অযৌক্তিক ও কঠোর শর্ত দিয়েছে, যা তারা যুদ্ধের মাধ্যমেও আদায় করতে পারেনি, কিন্তু এখন কূটনৈতিক চাপের মাধ্যমে চাপিয়ে দিতে চাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালি এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে কোনো ধরনের ছাড় দিতে রাজি হয়নি।
এই বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল এবং ইরানের প্রতিনিধিদল পৃথকভাবে নিজেদের অবস্থান তুলে ধরলেও দীর্ঘ আলোচনার পরও কোনো সমঝোতার পথ খুঁজে পাওয়া যায়নি। ইরানের মুখপাত্র ইসমাইল বাগেই বলেন, একটি বৈঠকেই সব সমস্যার সমাধান হবে—এমন প্রত্যাশা তাদের ছিল না; বরং এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার অংশ।
বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস ও সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিই এই ব্যর্থতার মূল কারণ। আলোচনায় বসার পরও কোনো পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে আসতে প্রস্তুত ছিল না। ফলে শেষ পর্যন্ত কোনো চুক্তি ছাড়াই ইসলামাবাদ ত্যাগ করে উভয় পক্ষ। তবে ইরান জানিয়েছে, কারিগরি পর্যায়ে আলোচনা চালু থাকবে, যা ইঙ্গিত দিচ্ছে যে সংলাপের পথ পুরোপুরি বন্ধ হয়নি, যদিও সমাধান এখনও অনেক দূরে।