প্রতিশ্রুতি অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হতে শুরু করেছে: প্রতিমন্ত্রী নুরুল হক

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ পিএম

ছবি: সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তারা কোনো প্রতিহিংসার রাজনীতিতে জড়াননি এবং কাউকে আঘাত করেননি। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এলাকায় চাঁদাবাজি বন্ধ হতে শুরু করেছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, প্রতিহিংসার পরিবর্তে তারা ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের রাজনীতি করতে চান। এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

গতকাল গলাচিপা উপজেলা পরিষদ চত্বরে ‘সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে নাগরিক ভাবনা’ শীর্ষক উন্মুক্ত মতবিনিময় সভা ও গণ-ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

নুরুল হক নুর বলেন, চরের জমিতে কৃষক যেন প্রকৃত মালিকানা পায়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি হাট-বাজার, লঞ্চঘাট ও খেয়াঘাটে সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত টাকা আদায়ের সুযোগ বন্ধ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, আমখোলা তরমুজের ঘাট ও হরিদেবপুর এলাকা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। রাজনৈতিক পরিচয়ে কোনো ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা বা অনৈতিক সুবিধা আদায় করতে না পারে, সে লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া হবে। এছাড়া এলাকায় কোনো যুবক-তরুণ যেন বেকার না থাকে, তাদের কর্মসংস্থানের আওতায় আনতে পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970