দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ পিএম
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির লড়াই-সংগ্রামকে সারাদেশে ছড়িয়ে দিতে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর দেশব্যাপী দেয়াল লিখন ও গ্রাফিতি কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত ‘শহীদী শপথ পাঠ’ অনুষ্ঠান শেষে এসব কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এ সময় তিনি কর্মসূচির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।
আব্দুল্লাহ আল জাবের জানান, এর আগে সোমবার (২২ ডিসেম্বর) ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ২৬ ডিসেম্বর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, ওসমান হাদিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। যারা তাকে হত্যা করেছে, তাদের সঙ্গে কোনো ধরনের আপস বা সুশীলতা দেখানো হবে না। ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এসে এই আন্দোলনে যুক্ত হবেন এবং একাত্মতা প্রকাশ করবেন।
এ সময় শহীদ শরিফ ওসমান হাদির মেঝ ভাই সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হত্যার বিচার না হলে দায় এড়ানোর সুযোগ নেই। তার বক্তব্য অনুযায়ী, জীবিত অবস্থার চেয়েও শহীদ ওসমান হাদি এখন আন্দোলনের জন্য আরও শক্তিশালী প্রতীক হয়ে উঠেছেন।