কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৩ তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৭:১৮ পিএম
কুমিল্লার পদুয়ার বাজারে ঘটেছে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষ, যার ফলে ১২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার তদন্তে তিনটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি দায়ী হিসেবে হেলাল ও মেহেদী হাসান নামে দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে।
রোববার কুমিল্লা রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ৩টার দিকে ঢাকা মেইল ট্রেন চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। এ সময় মামুন স্পেশাল পরিবহন নামের বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। ট্রেন বাসটিকে প্রায় আধ কিলোমিটার আগে ধাক্কা মারে।
ঘটনা শুনে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার সময় ট্রেনের যাত্রী ও স্থানীয়রা অভিযোগ করেছেন, রেলগেটের সিগন্যাল ম্যানের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. ইদ্রিস জানান, পদুয়ার বাজার রেলক্রসিংয়ে সিগন্যাল না থাকার কারণে বাসটি রেললাইনে উঠে যাওয়ায় দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রেলওয়ে কর্তৃপক্ষ দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। এক কমিটিতে ৬ জন করে মোট ১২ জনকে সদস্য করা হয়েছে। এতে রয়েছেন ডিটিও, ডেন-১, ডিএসটিই, ডিএমই (লোকোমোটিভ), ডিএমও এবং কমান্ড্যান্ট (আরএনবি)। অপর কমিটিতে সিওপিএস, সিই, সিএমই, সিএমও, সিএসটিই ও সিসিকে রাখা হয়েছে।
এছাড়া কুমিল্লা জেলা প্রশাসককে প্রধান করে আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, রাত ৩টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করা হয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অজয় ভৌমিক বলেন, এ পর্যন্ত ১২ জনের মরদেহ পাওয়া গেছে। এর মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হয়েছে, বাকি ১০ জনের পরিচয় এখনো জানা যায়নি।