এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৮:১০ পিএম
দেশব্যাপী আয়োজিত ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ পরিকল্পনার কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, দেশের ফুটবলে নতুন জাগরণ সৃষ্টি করতেই শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই উদ্যোগ নিয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’-এর সমাপনী অনুষ্ঠানে কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনা সম্ভব হবে।
প্রতিযোগিতাকে আরও বিস্তৃত করতে দেশের প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে ফুটবল দল গঠনের আহ্বান জানান মীর শাহে আলম। তিনি জানান, উপজেলা পর্যায়ে একটি মাঠের পরিবর্তে অন্তত চার থেকে পাঁচটি মাঠে একযোগে খেলার আয়োজন করা হবে, যাতে আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেওয়ার সুযোগ পায় এবং সারাদেশে ফুটবল উৎসবের আবহ তৈরি হয়।
তিনি আরও বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি একটি ফুটবল দলও গঠন করতে না পারে, তাহলে সেখানে শিক্ষার্থীর সংকট রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি দল গঠন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও স্থগিত রাখার বিষয়টিও সরকার বিবেচনা করছে।
প্রতিমন্ত্রী জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের শিক্ষা ও ক্রীড়া খাতের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ থেকে প্রতিযোগিতার ব্যয় নির্বাহের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজন হলে রাজস্ব খাত থেকেও অর্থ ব্যয় করা হবে। এছাড়া জেলা পরিষদ, পৌরসভা ও শিক্ষা বোর্ডগুলোকে মাঠপর্যায়ের আয়োজনের জন্য আর্থিক সহায়তা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলার খেলার মাঠ সংস্কার এবং খেলাধুলার পরিবেশ উন্নয়নে সরকার সমন্বিত উদ্যোগ নেবে, যাতে তৃণমূল পর্যায় থেকেই প্রতিভাবান ফুটবলার গড়ে ওঠে। এ লক্ষ্যে প্রতিটি উপজেলায় খেলার মাঠ সংস্কারের জন্য বিশেষ বরাদ্দ দেওয়ারও আহ্বান জানান তিনি।
সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।