সিলেটে কমিটি নিয়ে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরে অন্তত চারজন আহত হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে জকিগঞ্জ-জাফলং রুট, মিতালি পরিবহন, হবিগঞ্জ এক্সপ্রেস ও জগন্নাথপুর রুটের শ্রমিকদের মধ্যে এ সংঘর্ষ বাধে।

পুলিশ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের জগন্নাথপুর রুটের পরিবহন শ্রমিক ইউনিয়নের এক নেতার মৃত্যুর পর আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। ওই কমিটিতে স্থান না পাওয়া একটি পক্ষের নেতৃত্বে মোহাম্মদ শাহজাহানের সমর্থকরা কার্যালয় দখলের চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শাহজাহানকে ধাওয়া দেওয়া হলে পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। জকিগঞ্জ রুটের শ্রমিকরা জগন্নাথপুর রুটের কয়েকজনকে মারধর করলে পাল্টা প্রতিরোধ গড়ে ওঠে। পরে জাফলং রুটের শ্রমিকদের ওপর হামলা চালায় মিতালি পরিবহন ও হবিগঞ্জ এক্সপ্রেসের শ্রমিকরা।

একপর্যায়ে অন্যান্য রুটের শ্রমিকরাও সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টা ধরে থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুর চলতে থাকে। আহতদের মধ্যে দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃষ্টির মধ্যেই সংঘর্ষ চলায় টার্মিনাল এলাকায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

জাফলং রুটের এক শ্রমিক অভিযোগ করেন, তারা জড়িত না থাকলেও মিতালি পরিবহনের শ্রমিকরা তাদের ওপর হামলা চালিয়ে বাস ও কাউন্টার ভাঙচুর করেছে।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন, ব্যক্তিগত বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত হয়, যা পরে বিভিন্ন রুটের শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে। বর্তমানে বিষয়টি সমাধানের জন্য আলোচনা চলছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মঞ্জুরুল ইসলাম জানান, আহ্বায়ক কমিটি নিয়ে দুই পক্ষের বিরোধ থেকে কার্যালয়ের ভেতরে কথা কাটাকাটি ও পরে মারামারির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেলেও সঠিক সংখ্যা নিশ্চিত নয়।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই পক্ষের সঙ্গে কথা বলে পরিবেশ শান্ত করা হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970