মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:২০ এএম

ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুর এলাকায় পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে দিবাগত রাত ১২টার মধ্যে ঘটে যাওয়া এসব বিস্ফোরণে কেউ হতাহত না হলেও এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ তিনটি ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

সন্ধ্যা ৭টার দিকে রমনা থানার মৌচাক ফরচুন মার্কেটের সামনে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারেকুল ইসলাম টুটুল জানান, ঘটনার সময় কেউ আহত হয়নি এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

এরপর রাত ১১টা ২৫ মিনিটে মগবাজার মোড়ের ফ্লাইওভারের নিচে আরেকটি ককটেল বিস্ফোরণ হয়। রমনা থানার এসআই আব্দুল কাদের বলেন, ফ্লাইওভারের ওপর থেকে ছোড়া ককটেল নিচে একটি রেস্টুরেন্টের সামনে বিস্ফোরিত হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

তৃতীয় বিস্ফোরণটি ঘটে রাত ১২টার দিকে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ককটেল ছুড়ে দ্রুত পালিয়ে যায়। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের কোনো আলামত পায়নি। মোহাম্মদপুর থানার এসআই সাইদুর জানান, আশপাশের মানুষ শুধু একটি জোরালো শব্দ শোনার কথা জানিয়েছেন।

রাজধানীর তিনস্থানে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। এদিকে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং ঘটনাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970