রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ১০ জন দগ্ধ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০২:০৯ পিএম
রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন। ঘটনা ঘটেছে শুক্রবার ভোরে।
দগ্ধরা হলেন- মো. রুবেল (২৮), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), তাদের মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই মো. এনায়েত (৩২), তার স্ত্রী দুলারা খাতুন (২৮), ছেলে জুনায়েদ (১৩), এনায়েতের ভাই মো. হাবিব (৩০), এনায়েতের ভাগ্নি আয়েশা (১৯) এবং আবুল কালাম রুবেল (৩৫)। সকলকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে দগ্ধদের নিয়ে আসা সাজেদ মাতব্বর জানান, ভোরের দিকে উত্তরার কামারপাড়া ১০ নম্বর সেক্টরের কবরস্থান সড়কে মেম্বারের বাড়ির পাশের আবুল কালামের বাসার দ্বিতীয় তলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের ১০ জন দগ্ধ হন।
তিনি আরও জানান, রুবেল মোটরসাইকেলে যাত্রী পরিবহনের কাজ করেন। তার চাচাতো ভাই এনায়েত দুবাই প্রবাসী, কিছুদিন আগে দেশে ফিরেছেন। তাদের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধদের মধ্যে সোনিয়ার শরীরের ১০০ শতাংশ, এনায়েতের ৪৫ শতাংশ, রুবেলের ৩২ শতাংশ, রিয়ার ৩২ শতাংশ, জুনায়েদের ২৪ শতাংশ, হাবিবের ১৯ শতাংশ, শিশু রোজার ১৮ শতাংশ, দুলারার ১৪ শতাংশ, আয়েশার ১২ শতাংশ এবং আবুল কালামের ৭ শতাংশ দগ্ধ হয়েছে।
ডা. শাওন জানান, যাদের শরীরের বড় অংশ দগ্ধ হয়েছে তাদের নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে, অন্যদের পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।