চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে: বাণিজ্য উপদেষ্টা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১১:২০ এএম
পদ্মা সেতু নির্মাণে অতিরিক্ত ব্যয়ের দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ওই অর্থ সেচ ব্যবস্থায় ব্যয় করা হলে চালের দাম অন্তত ৫ টাকা কমানো সম্ভব হতো।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট সম্পর্কিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান সভাপতিত্ব করেন।
শেখ বশিরউদ্দীন বলেন, ব্যয়ের উদ্বৃত্ত তৈরি করতে না পারলে রাষ্ট্রের ওপর দীর্ঘমেয়াদি চাপ তৈরি হয়, যা সামাল দেওয়া কঠিন। যে সরকারই ক্ষমতায় থাকুক, নাগরিকদের দাবি জানানোর সময় রাষ্ট্রের আর্থিক সক্ষমতার বিষয়টি মাথায় রাখতে হবে। নচেৎ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার প্রয়োজন ছাড়াই বড় বড় প্রকল্প গ্রহণ করেছে। অনেক স্থলবন্দরের কার্যকারিতা নেই, তবুও হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। তার অভিযোগ, এসব প্রকল্পের মাধ্যমে ব্যয়ের প্রবৃদ্ধি বাড়ানো হয়েছে, কিন্তু আয়ের প্রবৃদ্ধির দিকে মনোযোগ দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের লক্ষ্য আয়ের প্রবৃদ্ধি ধরে রাখা বলে জানান তিনি।
গণভোট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হবে। অন্যথায় আগের মতো নির্বাচিত জনপ্রতিনিধিরা ক্ষমতায় থেকেই নির্বাচন সম্পন্ন করবে, যেখানে ভোটার উপস্থিতি অর্থহীন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে বিকেলে নেত্রকোনা সদর উপজেলার হিরণপুর গ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত এক উঠান বৈঠকে অংশ নেন শেখ বশিরউদ্দীন। ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।