শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিন বন্ধ থাকবে দেশের ব্যাংক ও পুঁজিবাজার। আগামী বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে শনিবার (৪ অক্টোবর) পর্যন্ত এই ছুটি চলবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র মতে, ১ অক্টোবর সরকারি নির্বাহী আদেশে ছুটি থাকবে। এরপর ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে আরও একদিন ছুটি নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি হিসেবে ৩ অক্টোবর (শুক্রবার) ও ৪ অক্টোবর (শনিবার) যুক্ত হওয়ায় টানা চার দিন দেশের আর্থিক খাতের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
তবে ছুটি শেষে আগামী ৫ অক্টোবর (রোববার) থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। সেদিন সকাল ১০টা থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন পুনরায় চালু হবে। একই দিনে ব্যাংকের কার্যক্রমও নিয়মিত সময়সূচি অনুযায়ী শুরু হবে।
এ বিষয়ে বাজার সংশ্লিষ্টরা জানান, টানা চার দিনের ছুটি থাকায় অনেক বিনিয়োগকারী আগেভাগেই নিজেদের লেনদেন সম্পন্ন করেছেন। ফলে ছুটি পরবর্তী সময়ে বাজারে নতুন উদ্যম ও স্বাভাবিক প্রবাহ দেখা যাবে বলে তাদের প্রত্যাশা।