দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৪ হাজার টাকারও বেশি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:৪৪ এএম

ছবি: সংগৃহীত

টানা দুই দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা বৃদ্ধি করে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

সোমবার (২২ জুন) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংস্থাটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা খাঁটি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের নির্ধারিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম রাখা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।

সংস্থাটি আরও জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজভেদে মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। যেহেতু স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে, তাই গ্রাহকের কাছ থেকে পৃথকভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এছাড়া অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে ভ্যাট, মজুরি এবং পাথরের মূল্য বাদ দিয়ে বাজুসের পূর্বের নীতিমালা বহাল থাকবে বলেও জানানো হয়েছে। রুপার অলঙ্কারের ভ্যাট সংক্রান্ত বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

এর আগে গত ২০ জুন স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা।

অন্যদিকে, দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ২৪৯ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বেচাকেনা হচ্ছে ৩ হাজার ২০৮ টাকায়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970