৪ বছর পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:২৫ পিএম
সাড়ে চার বছরের মধ্যে প্রথমবারের মতো দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ জুন পর্যন্ত দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ১০৩ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩৬ দশমিক ১০ বিলিয়ন ডলারের সমান।
বুধবার (২৪ জুন) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৫৫২ দশমিক ৬৭ মিলিয়ন মার্কিন ডলার।
এর একদিন আগে, ২৩ জুন দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ৭৯৮ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ২৪৪ দশমিক ২২ মিলিয়ন ডলার।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ হিসাব করা হয়।
উল্লেখ্য, ২০২২ সালের অক্টোবরের পর থেকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে কমতে থাকে। এক পর্যায়ে ২০২৪ সালের আগস্টে তা ২৫ বিলিয়ন ডলারের ঘরে নেমে আসে। ওই সময় রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে।
পরবর্তীতে সেপ্টেম্বরে রিজার্ভ আরও কমে ২৪ বিলিয়ন ডলারের ঘরে নেমে এলেও অক্টোবর থেকে আবারও ঊর্ধ্বমুখী ধারা শুরু হয়। সর্বশেষ ৩৬ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করায় দেশের বৈদেশিক মুদ্রার অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।