ভোজ্যতেলের দাম একটুও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৫:৪৬ পিএম
দেশের বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং এর দাম বাড়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সাম্প্রতিক সময়ে বাজারে যে সাময়িক সংকটের খবর পাওয়া গেছে, তা মূলত কিছু ভোক্তার আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটার কারণে তৈরি হয়েছে।
সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। বৈঠকে দেশের ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।
বাণিজ্যমন্ত্রী জানান, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে কোথাও কোথাও ভোজ্যতেলের সংকট বা প্রতি লিটারে দুই টাকা বেশি দামে বিক্রির খবর প্রকাশিত হয়। এসব বিষয় যাচাই করতে আমদানিকারক ও শোধনাগার মালিকদের সঙ্গে বৈঠক করা হয়েছে। তাদের তথ্য অনুযায়ী বাজারে ভোজ্যতেলের কোনো ঘাটতি নেই এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে।
তিনি বলেন, কিছু জায়গায় ভোক্তারা আতঙ্কিত হয়ে প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনে রাখছেন। এর ফলে কিছু দোকানে সাময়িকভাবে মজুত শেষ হয়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে।
নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, রাজধানীর একটি বাজার পরিদর্শনে গিয়ে তিনি দেখেছেন রাস্তার পাশের বড় দোকানগুলোতে পর্যাপ্ত ভোজ্যতেল রয়েছে এবং বোতলে নির্ধারিত দামই লেখা আছে। তবে বাজারের ভেতরের একটি দোকানে সীমিত পরিমাণ তেল রেখে প্রতি লিটারে দুই থেকে তিন টাকা বেশি দামে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।
ভোক্তাদের উদ্দেশে তিনি বলেন, আতঙ্কিত হয়ে অপ্রয়োজনীয়ভাবে পণ্য মজুত করার দরকার নেই। বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকলেও যদি অযথা প্রতিযোগিতা তৈরি হয়, তাহলে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে পারে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জ্বালানি তেল, গ্যাস কিংবা ভোজ্যতেল—কোনো ক্ষেত্রেই সংকট নেই। তাই এসব পণ্যের সঙ্গে সংকট শব্দটি যুক্ত করে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি গুজব ও অযথা আতঙ্ক ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বাজারে অনিয়ম বা অতিরিক্ত দামের অভিযোগ পাওয়া গেলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। এ ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নিয়মিত বাজার তদারকি করছে এবং জেলা প্রশাসনও অভিযান পরিচালনা করবে।