সুন্দরী না হওয়ায় সিনেমা থেকে বাদ পড়েন অস্কারজয়ী অভিনেত্রী!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০১:০৪ পিএম
একাধিক ব্লকবাস্টার সিনেমায় অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেলেও বাহ্যিক সৌন্দর্য নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছে অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্সকে।
সম্প্রতি জনপ্রিয় উপস্থাপক জশ হোরোউইটজের পডকাস্ট হ্যাপি স্যাড কনফিউজড-এ অংশ নিয়ে তিনি জানান, ‘যথেষ্ট সুন্দরী নন’—এমন মন্তব্যের কারণেই একটি বড় সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্র তার হাতছাড়া হয়েছিল।

পডকাস্টে আলোচনার সময় উঠে আসে পরিচালক কুইন্টিন টারান্টিনোর সঙ্গে কাজ করার প্রসঙ্গ। জশ হোরোউইটজ উল্লেখ করেন, টারান্টিনো দীর্ঘদিন ধরেই জেনিফার লরেন্সের সঙ্গে কাজ করতে আগ্রহী ছিলেন। এমনকি ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত দ্য হেটফুল এইট সিনেমার ডেইজি ডোমারেগু চরিত্রটি লরেন্সকে ভেবেই লেখা হয়েছিল। তবে সে সময় হাঙ্গার গেমস সিরিজের প্রচারণায় ব্যস্ত থাকায় প্রস্তাবটি ফিরিয়ে দেন তিনি। লরেন্স নিজেই স্বীকার করেন, সেটি ছিল তার ক্যারিয়ারের একটি ভুল সিদ্ধান্ত।
তবে সবচেয়ে আলোচনার জন্ম দেয় ২০১৯ সালের আলোচিত সিনেমা ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড-এর শার্লন টেট চরিত্রটি। লরেন্স বলেন, তিনি শুনেছিলেন যে ওই চরিত্রের জন্য তাকে বিবেচনায় নেওয়া হয়নি, কারণ তিনি নাকি ‘পর্যাপ্ত সুন্দরী’ নন। এ বিষয়ে আক্ষেপ করে তিনি বলেন, “আমি শার্লন টেটের চরিত্রে অভিনয়ের জন্য যথেষ্ট সুন্দরী নই—এমন কথাই চারদিকে শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত চরিত্রটি আমার হাতছাড়া হয়ে যায়।”
তবে নিজের এই বক্তব্য নিয়েই কিছুটা সংশয় প্রকাশ করেন অভিনেত্রী। তিনি বলেন, “আমি বহু বছর ধরে গল্পটা এভাবেই বলে আসছি যে এখন নিজেই বিশ্বাস করতে শুরু করেছি। আবার এমনও হতে পারে, টারান্টিনো কখনোই আমাকে ওই চরিত্রের জন্য ভাবেননি। হয়তো ইন্টারনেটের মানুষজনই আমাকে কুৎসিত বলার সুযোগ খুঁজছিল।”

এই বিতর্কের পেছনে বাস্তবতারও কিছু ইঙ্গিত রয়েছে। সিনেমাটি নির্মাণের আগে শার্লন টেটের বোন ডেবরা টেট এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, শার্লন টেটের চরিত্রে মার্গো রবি সবচেয়ে উপযুক্ত। তার মতে, মার্গো রবির শারীরিক গঠন ও ব্যক্তিত্ব শার্লন টেটের সঙ্গে বেশি মিল রয়েছে। ডেবরা টেট স্পষ্ট করে বলেন, “জেনিফার লরেন্স শার্লনের চরিত্রে অভিনয়ের জন্য যথেষ্ট সুন্দরী নন—কথাটা খারাপ শোনালেও আমার নিজস্ব মানদণ্ড আছে।”
অন্যদিকে কুইন্টিন টারান্টিনো ২০২১ সালে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তিনি শার্লন টেট নয়, বরং ম্যানসন পরিবারের সদস্য ‘স্কুইকি’ চরিত্রটির জন্য জেনিফার লরেন্সকে ভেবেছিলেন। এমনকি লরেন্স তার বাড়িতে গিয়ে স্ক্রিপ্টও পড়েছিলেন। তবে শেষ পর্যন্ত চরিত্রটি পান অভিনেত্রী ডাকোটা ফ্যানিং।
সাক্ষাৎকারের শেষ দিকে হাস্যরসের ছলে জেনিফার লরেন্স আরও জানান, একসময় টোয়াইলাইট সিনেমার জন্যও তিনি অডিশন দিয়েছিলেন। সুযোগ না পাওয়ার কারণ নিয়ে মজা করে বলেন, “হয়তো তখনও আমি খুব বেশি কুৎসিত ছিলাম!”