ভাওয়াইয়া গানের প্রথিতযশা শিল্পী অনন্ত কুমার দেব আর নেই

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৩১ পিএম

ছবি: সংগৃহীত

উত্তরাঞ্চল তথা বাংলাদেশের ভাওয়াইয়া গানের প্রবীণ ও প্রথিতযশা শিল্পী, গীতিকার, সুরকার ও গবেষক অনন্ত কুমার দেব আর নেই। সোমবার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী, শিষ্য ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। আজ দুপুরে কুড়িগ্রাম জেলার নিজ বাসভবনে তার শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভাওয়াইয়া গানের সংরক্ষণ, গবেষণা ও চর্চায় অনন্ত কুমার দেবের অবদান ছিল অনন্য ও স্মরণীয়। দীর্ঘদিন ধরে তিনি উত্তরাঞ্চলের লোকজ সুর, কথা ও ইতিহাস সংগ্রহে নিজেকে নিবেদিত রেখেছিলেন। তার লেখা ও সুর করা বহু ভাওয়াইয়া গান শিল্পীসমাজ ও শ্রোতামহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।

সুশিক্ষিত ও প্রজ্ঞাবান এই শিল্পীর ভাওয়াইয়া গানের ইতিহাস, গঠন ও পরিবেশনা বিষয়ে ছিল গভীর ও তথ্যসমৃদ্ধ জ্ঞান। এ কারণে তিনি একজন গবেষক হিসেবেও বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত ছিলেন।

লোকসংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দেশ-বিদেশে নানা সম্মাননায় ভূষিত হন। এর মধ্যে ভারতের কুচবিহারের উজানিয়া উৎসব-২০১৮ তে প্রাপ্ত আব্বাসউদ্দীন পদক এবং স্বরূপ সম্মাননা পদক-২০২৪ উল্লেখযোগ্য।

ব্যক্তিজীবনে অনন্ত কুমার দেব ছিলেন অত্যন্ত নিরহংকারী, সহজ-সরল ও মানবিক গুণসম্পন্ন মানুষ। শিল্পের প্রতি গভীর ভালোবাসা, নিষ্ঠা ও সততাই ছিল তার জীবনের মূল প্রেরণা। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভাওয়াইয়া শিল্পী শফিকুল ইসলাম শফি, কবি ও সাংবাদিক অনিল সেন, কণ্ঠশিল্পী এ আর চৌধুরী পলাশ, কবি-কথাসাহিত্যিক ও সাংবাদিক উমর ফারুক, কবি ও গল্পকার এনাম রাজু, কুড়িগ্রাম সাংবাদিক ফোরাম, ঢাকা এবং চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি সাওরাত হোসেন সোহেল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাদ্দামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970