প্লেব্যাক গানে ইতি টানার ঘোষণা দিলেন অরিজিৎ সিং
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৪৮ এএম
দীর্ঘ সংগীত ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। সিনেমার প্লেব্যাক গানে আর নতুন কোনো কাজ করবেন না বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন অরিজিৎ সিং। পোস্টে তিনি ভক্ত ও শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে অরিজিৎ সিং লেখেন, ‘নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে একজন শ্রোতা হিসেবে আমাকে যে অগাধ ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখন থেকে প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে আর কোনো নতুন কাজ গ্রহণ করব না। এখানেই আমি ইতি টানছি। এটি ছিল একটি অসাধারণ যাত্রা।’
অরিজিৎ সিং তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। এর মধ্যে ‘তুম হি হো’, ‘চন্না মেরেয়া’, ‘গেরুয়া’, ‘মন মাঝি রে’ ও ‘বোঝেনা সে বোঝেনা’সহ বহু গান শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
তার এই ঘোষণায় ভক্তদের মধ্যে আবেগ ও বিস্ময়ের প্রতিক্রিয়া দেখা গেছে।