গানে অশ্লীল ভাষা, র্যাপার বাদশাকে খুঁজছে পুলিশ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৯:২৬ পিএম
ভারতের জনপ্রিয় র্যাপার বাদশার বিরুদ্ধে গানে অশ্লীল ও আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে খুঁজছে হরিয়ানা পুলিশ। ইতোমধ্যে তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে।
জানা গেছে, বাদশার গাওয়া ‘টাটিরি’ নামের একটি হরিয়ানভি মিউজিক ভিডিও ঘিরে এই বিতর্কের সূত্রপাত। ভিডিওটিতে নারী শরীর নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ কারণে হরিয়ানা পুলিশ তাকে দ্রুত আত্মসমর্পণের জন্য সতর্ক করেছে। যে কোনো সময় তাকে গ্রেফতার করা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
অভিযোগকারীরা বলছেন, গানটির ভিডিওতে স্কুল ইউনিফর্ম পরা মেয়েদের ব্যাগ কাঁধ থেকে নামিয়ে আপত্তিকর ভঙ্গিতে নাচতে দেখা গেছে, যা সমাজে নেতিবাচক বার্তা ছড়িয়ে দিতে পারে।
এ ঘটনায় গত শুক্রবার হরিয়ানার পঞ্চকুলা সেক্টর–২০ সাইবার ক্রাইম থানায় অভয় চৌধুরী নামে এক ব্যক্তি প্রথম অভিযোগ দায়ের করেন।
এদিকে হরিয়ানা মহিলা কমিশনও গানটির কথা ও দৃশ্যায়ন নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে। তাদের মতে, এটি ভারতীয় সংস্কৃতি ও সামাজিক শালীনতার পরিপন্থী। ইতোমধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে বিতর্কিত গানটি সরিয়ে নেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাদশার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৬ ধারাসহ সংশ্লিষ্ট একাধিক ধারায় মামলা করা হয়েছে। আগামী ১৩ মার্চ সকাল ১১টায় পানিপথের ডিসি অফিসে মামলার শুনানির জন্য তাকে তলব করা হয়েছে। এর আগে তার দেশত্যাগ ঠেকাতে এবং অবস্থান নিশ্চিত করতে লুকআউট নোটিশ জারি করেছে পুলিশ।