জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা শামস সুমন মারা গেছেন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৮:১১ পিএম
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে শামস সুমন একটি বেসরকারি এফএম রেডিও স্টেশন ‘রেডিও ভূমি’র স্টেশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে এই প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক দায়িত্ব সামলাতেই তাকে বেশি ব্যস্ত দেখা গেছে। ফলে শেষ দিকে অভিনয়ে তিনি খুব একটা নিয়মিত ছিলেন না।
তবে মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করা শামস সুমন একসময় ছোট পর্দা ও বড় পর্দা—দুই মাধ্যমেই সমানভাবে দাপট দেখিয়েছেন। তার সাবলীল অভিনয় সহজেই দর্শকদের হৃদয় জয় করে নেয়।
অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- ‘জয়যাত্রা’ (২০০৪), ‘বিদ্রোহী পদ্মা’ (২০০৬), ‘নমুনা’ (২০০৮), ‘হ্যালো অমিত’ (২০১২), ‘আয়না কাহিনী’ (২০১৩), ‘প্রিয়া তুমি সুখী হও’ (২০১৪), ‘মন জানে না মনের ঠিকানা’ (২০১৬), ‘কক্সবাজারে কাকাতুয়া’ (২০১৬) এবং ‘চোখের দেখা’ (২০১৬)।