‘ভারত যদি বাংলাদেশে নজর দেয়, পাকিস্তানের সেনা ও মিসাইল তার জবাব দেবে’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ নিয়ে ভারতের কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ হলে পাকিস্তানের সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র তার জবাব দেবে—এমন মন্তব্য করেছেন পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর যুব শাখার নেতা কামরান সাঈদ উসমানি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক জোট গঠনের আহ্বানও জানান উসমানি। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।

ভিডিও বার্তায় উসমানি বলেন, কেউ যদি খারাপ উদ্দেশ্যে বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে তাকায় বা হামলার চেষ্টা করে, তাহলে পাকিস্তানের জনগণ, সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র নীরব থাকবে না। তিনি দাবি করেন, ভারতের ‘অখণ্ড ভারত’ ভাবনা বাংলাদেশে চাপিয়ে দেওয়ার যেকোনো প্রচেষ্টা পাকিস্তান মেনে নেবে না।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশকে হয়রানি করছে এবং বাংলাদেশকে একটি হিন্দু রাষ্ট্রে রূপান্তরের চেষ্টা চলছে—এমন অভিযোগও করেন তিনি।

কামরান সাঈদ উসমানি প্রস্তাব দেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠন করা উচিত। পাশাপাশি উভয় দেশে একে অপরের সামরিক ঘাঁটি স্থাপনের কথাও বলেন তিনি। তার মতে, এতে দুই দেশের কৌশলগত সক্ষমতা বাড়বে এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) বাংলাদেশের বন্দরগুলোর সঙ্গে যুক্ত করা সম্ভব হবে।

এই পাকিস্তানি নেতার দাবি, বন্দর ও সমুদ্রপথের নিয়ন্ত্রণ যার হাতে থাকে, বিশ্ব রাজনীতিতে তার প্রভাবও বেশি থাকে। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সামরিক অংশীদারিত্ব গড়ে উঠলে দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970