রিলস ভিডিও বানাতে গিয়ে লেডি বাইকারের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৫ এএম

ছবি: সংগৃহীত

ভারতের গাজিয়াবাদে রিলস ভিডিও ধারণ করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু। রোববার ভোরে ওয়েভ সিটি এলাকার আইএমএস কলেজ ফ্লাইওভারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত ইকরা দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। তার পেছনে বসে থাকা ২০ বছর বয়সী হাশিম মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি সড়কের ডিভাইডারে ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ইকরাকে মৃত ঘোষণা করেন। হাশিম বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় দুজনের কারো মাথায় হেলমেট ছিল না। একটি ভিডিও ফুটেজও পাওয়া গেছে, যেখানে প্রায় ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিতে মোটরসাইকেল চালানোর সময় রিলস ভিডিও ধারণ করতে দেখা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, ইকরা গাজিয়াবাদের পাসাউন্ডা এলাকার বাসিন্দা ছিলেন। শনিবার সকালে তিনি পরিবারের কাছে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। কিন্তু রাতে আর ফিরে আসেননি। একই এলাকার হাশিমও সেদিন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন।

পরে রোববার ভোরে দুর্ঘটনার খবর পায় পুলিশ। ওয়েভ সিটির সহকারী পুলিশ কমিশনার প্রিয়শ্রী পাল জানান, ভোর চারটার দিকে ডিভাইডারে ধাক্কা লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে।

তিনি আরও জানান, ইকরার মাথা ও মুখে গুরুতর আঘাত ছিল। হাশিমের পা, কোমর ও কাঁধে আঘাত লাগে। দুজনকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় ইকরার মৃত্যু হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। হাশিম পেশায় একজন ওয়েল্ডার বলে জানা গেছে।

এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970