সুইজারল্যান্ডে মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৭:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের একটি মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। দেশটির জনপ্রিয় পর্যটন এলাকা ক্রানস মোন্টানায় অবস্থিত ওই মদের দোকানে বুধবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।

সুইস পুলিশের বরাতে জানা যায়, ‘লে কন্সটেলেশন’ নামের ওই মদের দোকানে নতুন বছর উদযাপন উপলক্ষে অনুষ্ঠান চলছিল। রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে হঠাৎ বিস্ফোরণের পর সেখানে আগুন ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকা আতঙ্কে ছেয়ে যায়।

দুর্ঘটনায় ঠিক কতজন হতাহত হয়েছেন তা এখনো নিশ্চিতভাবে জানায়নি কর্তৃপক্ষ। তবে স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি লে নোভেলিস অন্তত ৪০ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে। একটি সূত্রের বরাতে দেশটির গণমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় প্রায় ১০০ জন আহত হয়েছেন।

ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের হাসপাতালে নেওয়ার পাশাপাশি নিখোঁজদের স্বজনদের তথ্য জানার জন্য বিশেষ বুথ খোলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় হেলিকপ্টার মোতায়েন করা হয় এবং ক্রানস মোন্টানা এলাকায় ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে।

কীভাবে বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত নয়। সুইস সংবাদমাধ্যমগুলোর দাবি, দুর্ঘটনার সময় দোকানটিতে একটি কনসার্ট চলছিল এবং আতশবাজি সদৃশ পায়রোটেকনিকস ব্যবহার করা হয়েছিল। তবে পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970