একদিন হিজাব পরা নারীও ভারতের প্রধানমন্ত্রী হবেন: ওয়াইসি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১১:৫৬ পিএম
ভারতের প্রধানমন্ত্রী পদ নিয়ে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সম্প্রতি দাবি করেন, দেশের প্রধানমন্ত্রী পদে সব সময় একজন হিন্দু ব্যক্তিই বসবেন।
এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অল ইন্ডিয়ান মজলিসে ইত্তেহাদুল মুসলিমীনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, “হিমন্ত বিশ্বশর্মার মাথায় টিউবলাইট রয়েছে এবং তিনি সংবিধানের মর্ম বুঝতে অক্ষম।”
ওয়াইসি আরও বলেন, ভারতের সংবিধান অনুযায়ী ধর্মের ভিত্তিতে কাউকে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মেয়র হওয়ার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। তিনি স্বপ্ন দেখেন, একদিন হিজাব পরা একজন নারীও ভারতের প্রধানমন্ত্রী হবেন।
উত্তরে হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, সংবিধান অনুযায়ী যে কেউ প্রধানমন্ত্রী হতে পারে। তবে তিনি যুক্তি দিয়েছেন, ভারত একটি হিন্দু রাষ্ট্র এবং হিন্দু সভ্যতার ধারক হওয়ায় দেশের প্রধানমন্ত্রী পদে সব সময় একজন হিন্দুই থাকবেন।
বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এই মন্তব্যকে চ্যালেঞ্জ করে বলেন, ওয়াইসি যদি হিজাব পরা নারীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, তাহলে আগে নিজের দল এআইএমআইএমে এমন একজন নারীকে সভাপতি পদে নির্বাচিত করুন।
ওয়াইসি এর জবাবে আরও তীব্র ভাষায় আক্রমণ শানান। তিনি বলেন, হিমন্ত বিশ্বশর্মার মানসিকতা সংকীর্ণ এবং সংবিধানের বিরোধী। তিনি উল্লেখ করেন, বাবাসাহেব ডঃ আম্বেদকর হিমন্তের তুলনায় অনেক বেশি শিক্ষিত ও বুদ্ধিমান ছিলেন এবং সংবিধান তৈরি করেছিলেন যা সকল নাগরিককে সমান অধিকার দেয়।
এই ধর্মীয় পরিচয়ভিত্তিক বিতর্ক ভারতের রাজনীতিতে সংবিধানের ধর্মনিরপেক্ষতা ও নাগরিক অধিকারের বিষয়টি নতুন করে সামনে এনেছে।