সিরিয়া থেকে ২৫০ ছাগল চুরি করল ইসরায়েলি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১০:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

সিরিয়ার গোলান উপত্যকা থেকে প্রায় ২৫০টি ছাগল চুরি করেছে দখলদার ইসরায়েলি সেনারা- এমন অভিযোগ উঠেছে। চুরি করা ছাগলগুলো পরে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে নিয়ে যাওয়া হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের বরাতে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ আগে ইসরায়েলি সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের সদস্যরা এ ঘটনা ঘটায়। ওই সময় সেনারা সিরিয়ার গোলান উপত্যকায় অবস্থান করছিল।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাসার আল-আসাদের পতনের পর গোলান উপত্যকার একটি বড় অংশ দখলে নেয় ইসরায়েলি সেনারা। ওই এলাকাতেই সিরীয় খামারিদের মালিকানাধীন ছাগলগুলো চুরি করা হয়।

অপর ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, গোলান ব্রিগেডের সদস্যরা মাঠে চরতে থাকা প্রায় ২৫০টি ছাগল দেখতে পান। পরে সেগুলো ধরে পশ্চিমতীরে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই প্রস্তুত রাখা ট্রাকে ছাগলগুলো তুলে অবৈধ ইসরায়েলি বসতিস্থাপনকারীদের কাছে পাঠানো হয়।

এ ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী চুরির বিষয়টি স্বীকার করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে সংশ্লিষ্ট স্কোয়াড কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি কোম্পানি কমান্ডারকে তিরস্কার এবং অন্য সেনাদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

চুরির ঘটনাটি পরদিন সকালে ধরা পড়ে। সিরিয়ার কৃষকরা রাস্তার পাশে কিছু ছাগল ঘোরাফেরা করতে দেখে বিষয়টি দেশটির সেনাবাহিনীকে জানান।

টাইমস অব ইসরায়েল জানায়, চুরি হওয়া ছাগলগুলোর এখনো সন্ধান চলছে। এর মধ্যে প্রায় ২০০টি ছাগল এখনো ইসরায়েলের ভেতরে রয়েছে। বাকি ছাগলগুলো সিরিয়ার বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970