ভারতে আবারও বাংলাদেশি তকমা দিয়ে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১১:২২ এএম
ভারতের অন্ধ্রপ্রদেশে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে পশ্চিমবঙ্গের এক মুসলিম পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সংখ্যালঘু ও বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর ধারাবাহিক হামলার প্রেক্ষাপটেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে দাবি পরিবার ও স্থানীয়দের।
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, নিহত শ্রমিকের নাম মঞ্জুর আলম লস্কর (৩২)। তার বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার উস্থি এলাকায়। অভিযোগ, অন্ধ্রপ্রদেশের কমারোলু এলাকায় চুরির অপবাদ দিয়ে উগ্র হিন্দুত্ববাদী দুষ্কৃতকারীরা তাকে নির্মমভাবে মারধর করে হত্যা করে।
পরিবার সূত্রে জানা যায়, মঞ্জুর উস্থির রাঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা এবং প্রায় এক দশক ধরে কমারোলু এলাকায় জরি শ্রমিক হিসেবে কাজ করছিলেন। দীর্ঘদিন সেখানে কাজ করলেও তাকে বারবার ‘বাংলাদেশি’ বলে হুমকি দেওয়া হতো। পরিবারের অভিযোগ, হত্যার আগে তাকে জিম্মি করে রাখা হয় এবং মুক্তির বিনিময়ে ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।
মঙ্গলবার একটি অজ্ঞাত নম্বর থেকে মঞ্জুরের স্ত্রীর কাছে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনোমতে ৬ হাজার টাকা পাঠানো হলেও বুধবার রাতে জানানো হয়, মঞ্জুরকে হত্যা করা হয়েছে।
নিহতের বড় ভাই ও রাঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, তৃণমূল কংগ্রেস নেতা গিয়াসউদ্দিন লস্কর দাবি করেন, এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত। তিনি বলেন, যে নম্বর থেকে মুক্তিপণের ফোন এসেছিল এবং যারা এতে জড়িত, তারাই আমার ভাইকে খুন করেছে।
পরিবারের দাবি, প্রথমে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে চুরির অপবাদে জড়িয়ে মঞ্জুরকে পিটিয়ে হত্যা করা হয়। তারা পশ্চিমবঙ্গ সরকারকে অন্ধ্রপ্রদেশ সরকারের সঙ্গে বিষয়টি উত্থাপন করে দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশে বর্তমানে টিডিপি-জেএসপি-বিজেপি জোট সরকার ক্ষমতায় রয়েছে।
এদিকে মঞ্জুরের পরিবার কমারোলু থানায় যোগাযোগ করে মুক্তিপণের ফোন আসা নম্বর পুলিশের হাতে তুলে দিয়েছে। গত বছরের ডিসেম্বরের শেষ দিক থেকে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া পরিযায়ী শ্রমিকদের ওপর একের পর এক সহিংসতা ও রহস্যজনক মৃত্যুর ঘটনা সামনে আসছে। মঞ্জুরের হত্যাকাণ্ড সেই ধারাবাহিকতার অংশ বলে অভিযোগ উঠেছে।
উস্থির তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই ঘটনাকে বাংলাভাষী সংখ্যালঘু পরিযায়ী শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টির পরিকল্পিত প্রচেষ্টা বলে দাবি করেছে। দলটির অভিযোগ, বিজেপি ও তাদের সহযোগী দল শাসিত রাজ্যগুলোতে শ্রমিকদের অবাধ চলাচল ঠেকাতেই এই ধরনের সন্ত্রাস চালানো হচ্ছে।
এক বিবৃতিতে তৃণমূল কংগ্রেস জানায়, নরেন্দ্র মোদি সরকার পশ্চিমবঙ্গ থেকে যাওয়া পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘আর কত মায়ের সন্তান হারালে কেন্দ্রীয় সরকারের টনক নড়বে—এই উদাসীনতা ক্ষমার অযোগ্য।’