কারাগারের ভেতরেই পরিচয় ও প্রেম, বিয়ের জন্য জামিন পেলেন দুই দুর্ধর্ষ খুনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১২:৫১ এএম
কারাগারের চার দেয়ালের ভেতর গড়ে ওঠা এক প্রেম শেষ পর্যন্ত বিয়েতে রূপ নিতে যাচ্ছে। ভারতের রাজস্থানের আলওয়ার জেলার কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই দুর্ধর্ষ খুনি বিয়ের জন্য পেয়েছেন ১৫ দিনের জরুরি প্যারোল। রাজস্থান হাইকোর্ট তাদের এই প্যারোল মঞ্জুর করেছেন।
সংবাদমাধ্যমের তথ্যমতে, বিয়ে করতে যাওয়া ওই যুগলের নাম প্রিয়া শেঠ ও হনুমান প্রসাদ। হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে দুজনই যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। সাঙ্গানের ওপেন জেলে কারাভোগের সময় ছয় মাস আগে তাদের পরিচয় হয়, যা ধীরে ধীরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।
মডেল প্রিয়া শেঠ ২০১৮ সালের একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হন। টিন্ডারে পরিচয়ের সূত্র ধরে দুষ্যন্ত শর্মা নামের এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়। পরে ধরা পড়ার আশঙ্কায় প্রেমিক দীক্ষান্ত কামরা ও তার সহযোগীর সহায়তায় দুষ্যন্তকে হত্যা করা হয়। তার মরদেহ স্যুটকেসে ভরে আমের পাহাড়ে ফেলে দেওয়া হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে প্রিয়াসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে।
অন্যদিকে হনুমান প্রসাদ ২০১৭ সালে এক ভয়াবহ হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। পরকীয়া প্রেমিকার অনুরোধে তিনি তার স্বামী বানওয়ারি লালকে হত্যা করেন। পাশাপাশি ঘটনার সাক্ষী হয়ে যাওয়ায় তিন সন্তান ও এক ভাতিজাকেও হত্যা করা হয়। আলওয়ারের ইতিহাসে এই ঘটনা অন্যতম নৃশংস হত্যাকাণ্ড হিসেবে পরিচিত।
কারাভোগের সময় দীর্ঘদিন একে অপরকে কাছ থেকে জানার পর নতুন জীবন শুরুর সিদ্ধান্ত নেন প্রিয়া ও হনুমান। বিয়ের অনুমতির জন্য তারা আদালতের শরণাপন্ন হলে রাজস্থান হাইকোর্ট ১৫ দিনের জরুরি প্যারোল মঞ্জুর করেন, যা ইতোমধ্যে কার্যকর হয়েছে।
এই বিয়ের ঘটনা ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কেউ কেউ বিষয়টিকে মানবিক ও পুনর্বাসনের সুযোগ হিসেবে দেখলেও, অনেকে নৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে আদালতের এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন।