আকাশে একসঙ্গে দুটি সূর্য! রাশিয়ায় দেখা মিলল বিরল প্রাকৃতিক দৃশ্য

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

রাশিয়ার আকাশে একসঙ্গে ‘দুটি সূর্য’ দেখা যাওয়ার ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। হঠাৎ এমন বিরল ও অস্বাভাবিক দৃশ্য দেখে বিস্মিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অনেকেই মোবাইল ফোনে দৃশ্যটি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই দৃশ্য কোনো রহস্যময় বা অতিপ্রাকৃত ঘটনা নয়। এটি প্রকৃতির এক বিরল আলোকজনিত প্রতিফলন, যা ‘সান ডগ’ নামে পরিচিত।

বিশেষজ্ঞরা জানান, সান ডগ মূলত একটি বায়ুমণ্ডলীয় অপটিক্যাল ঘটনা। একে ‘মক সান’ বা বৈজ্ঞানিক পরিভাষায় ‘পারহেলিয়া’ও বলা হয়। সাধারণত সূর্যের ডান বা বাম পাশে, কখনো কখনো উভয় পাশেই উজ্জ্বল আলোর ছটা দেখা যায়, যা দূর থেকে আলাদা আরেকটি সূর্যের মতো মনে হয়।

বিজ্ঞানীদের ব্যাখ্যায়, ‘পারহেলিয়া’ শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে, যার অর্থ ‘সূর্যের পাশে’। নামটির সঙ্গে এই দৃশ্যের প্রকৃতি পুরোপুরি মিল রয়েছে।

তারা আরও জানান, প্রচণ্ড শীতের কারণে বায়ুমণ্ডলের ওপরের স্তরে সূক্ষ্ম বরফকণা তৈরি হয়। এসব বরফকণার মধ্য দিয়ে সূর্যের আলো প্রতিসরণ ও প্রতিফলিত হলে এমন আলোক বিভ্রমের সৃষ্টি হয়। বাস্তবে আকাশে সূর্য ছিল একটিই।

রাশিয়ার জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, সান ডগ আলোক-বিভ্রমের একটি বৃহত্তর শ্রেণির অংশ। এই শ্রেণির মধ্যেই সূর্য বলয় ও চাঁদের বলয় (লুনার হ্যালো) অন্তর্ভুক্ত। সাধারণত উচ্চ বায়ুমণ্ডলে থাকা বরফের স্ফটিকের সঙ্গে আলো মিথস্ক্রিয়া করলেই এ ধরনের দৃশ্য দেখা যায়।

আবহাওয়াবিদরা জানান, ঘটনাটি খুব সাধারণ না হলেও শীতপ্রধান অঞ্চলগুলোতে মাঝে মাঝে এমন দৃশ্য চোখে পড়তে পারে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970