হরমোজ প্রণালীতে মার্কিন জাহাজকে ইরানের ধাওয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৫ পিএম
হরমোজ প্রণালীতে মার্কিন তেলবাহী জাহাজ ‘স্টেনা ইম্পারেটিভ’-কে ধাওয়া ও চ্যালেঞ্জ করার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড টেক মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে।
ওমানের উপকূল থেকে প্রায় ১৬ নটিক্যাল মাইল উত্তরে চলার সময় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর তিনটি ছোট বোট জাহাজটির পথ রোধ করে। ভ্যানগার্ড টেকের বরাতে জানা গেছে, ইরানি বোটগুলো রেডিও বার্তায় জাহাজটির ক্যাপ্টেনকে ইঞ্জিন বন্ধ করে তল্লাশি নিতে বলেছিল। কিন্তু ক্যাপ্টেন নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে জাহাজটি তার গন্তব্যের দিকে চলেছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, মার্কিন জাহাজটি ইরানের জলসীমায় প্রবেশ করেনি এবং বর্তমানে এটি একটি মার্কিন যুদ্ধজাহাজের নিরাপত্তায় রয়েছে।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ফারস জানিয়েছে, একটি নামহীন জাহাজ অবৈধভাবে তাদের জলসীমায় প্রবেশ করেছিল এবং অনুমতিপত্র প্রদর্শনের সময় দ্রুত এলাকা ছাড়ে।
এই ঘটনায় হরমোজ প্রণালী আবারও উত্তেজনার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছে। এটি বিশ্বের গুরুত্বপূর্ণ তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহণের প্রধান রুট। কয়েকদিন আগে আইআরজিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নৌপথ বন্ধের হুমকি দিয়েছিলেন মার্কিন হামলার আশঙ্কায়।